ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

টবে ক্যাপসিকাম চাষ করার পদ্ধতি জেনে নিন

টবে ক্যাপসিকাম চাষ করার পদ্ধতি জেনে নিন
×

ক্যাপসিকাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৬:১৯

বিভিন্ন ধরনের রান্নায়, সালাদ তৈরিতে ক্যাপসিকামের ব্যবহার বেড়েছে। বাজারেও তাই আগের তুলনায় এর সরবরাহ বেশি। চাইলে বাড়িতেও লাগাতে পারেন ক্যাপসিকাম গাছ। এর জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই ৷ কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনি সারা বছর ক্যাপসিকাম পেতে পারেন ।

টবে ক্যাপসিকাম গাছ লাগানোর জন্য প্রথমে একটি ভালো ও সুস্থ ক্যাপসিকাম বেছে নিন । এটি কেটে ভিতরের বীজগুলি আলাদা করে নিন । খেয়াল রাখবেন যেন বীজগুলি পরিষ্কার ও সুস্থ থাকে। বীজ সংগ্রহের পর, সেগুলোর বাড়তি আর্দ্রতা বা জলীয় ভাব দূর করার জন্য কিছুক্ষণ ছায়ায় রেখে শুকিয়ে নিন ।

ক্যাপসিকাম গাছের জন্য প্রায় ১০ থেকে ১২ ইঞ্চি গভীর ও চওড়া আকারের টব উপযুক্ত । টবের নীচে অবশ্যই পানি বের হওয়ার মতো ছিদ্র থাকতে হবে । বর্ষাকালে এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ টবে পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে । মাটি তৈরির ক্ষেত্রে বাগানের মাটির সঙ্গে ভালোভাবে পচা গোবর সার বা ভার্মিকম্পোস্ট এবং সামান্য পরিমাণ বালি মিশিয়ে নিতে পারেন । এতে মাটি ঝুরঝুরে ও বাতাস চলাচলের উপযোগী থাকে, এর ফলে অতিরিক্ত পানি সহজেই বেরিয়ে যেতে পারে ।

টবটি মাটি দিয়ে পূর্ণ করুন। এরপর ক্যাপসিকামের বীজগুলি অল্প গভীরে পুঁতে দিন ৷ খুব বেশি পুরু মাটির আস্তরণ দিয়ে বীজগুলি ঢেকে দেবেন না । এরপর স্প্রে বোতল দিয়ে আলতো করে পানি ছিটিয়ে দিন যাতে বীজগুলি সরে না যায় । টবটি পর্যাপ্ত আলোযুক্ত স্থানে রাখুন। তবে টবে যেন বৃষ্টির পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন। 

বৃষ্টির দিনগুলোতে অনেকেই প্রতিদিন গাছে পানি দেন ৷ অথচ এই সময়ে গাছের পানির প্রয়োজন কম হতে পারে । পানি দেওয়ার আগে আঙুল দিয়ে মাটির ওপরের স্তরটি পরীক্ষা করে দেখুন ৷ মাটি যদি আগে থেকেই ভেজা বা আর্দ্র থাকে, তবে পানি দেওয়ার প্রয়োজন নেই । টবে পানি জমে থাকলে ছত্রাকের সংক্রমণ হতে পারে এবং গাছের শিকড় পচে যেতে পারে । এ কারণে বৃষ্টি হলে মাটি আর্দ্র রাখুন, কিন্তু পানি জমে থাকতে দেবেন না ।

বীজ থেকে ছোট চারা বের হওয়ার পর সেটিকে পর্যাপ্ত আলোযুক্ত স্থানে রাখুন। গাছ বড় হওয়ার সাথে সাথে দিনে কয়েক ঘণ্টা সূর্যের আলোর প্রয়োজন হয়। ক্যাপসিকাম গাছ সাধারণত ভালো সূর্যালোক পেলে ভালোভাবে বেড়ে ওঠে ৷ তবে ভারী বৃষ্টিপাত এবং সবসময় ভেজা বা স্যাঁতসেঁতে মাটি থেকে গাছকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ ।

মাঝে মাঝে মাটি কিছুটা আলগা করে দিন। কোনও শুকনো বা ক্ষতিগ্রস্ত পাতা থাকলে তা ছেঁটে ফেলুন । প্রয়োজনে জৈব সার ব্যবহার করতে পারেন। সূত্র: ইটিভিভারত 

৪০ থেকে ৫০ দিনের মধ্যে গাছে ছোট ছোট ক্যাপসিকাম ধরতে শুরু করে । শুরুতে এগুলির রঙ সবুজ থাকে । সবুজ অবস্থাতেই আপনি এগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন । তবে গাছে আরও কয়েক দিন রেখে দিলে এগুলির রঙ ধীরে ধীরে হলুদ বা লাল হয়ে যাবে 

আরও পড়ুন

×