সারাদিন এলোমেলো চিন্তা করেন? মন শান্ত করবেন যেভাবে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:২৩
কমবেশি সবারই সারাদিন মনের মধ্যে নানা ধরনের চিন্তা ঘুরপাক পায়। কিন্তু চিন্তা যদি দুশ্চিন্তায় রূপ নেয় তাহলে সমস্যাই বটে। এর ফলে সারাক্ষণ মন অস্থির হয়ে থাকে। ঘুম ব্যাহত হয়,নাওয়া-খাওয়া কমে যায়। কোনও কাজেই মন বসে না। এমন পরিস্থিতিতে পড়লে মন শান্ত করতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-
জার্নাল লেখা শুরু করুন
যখন মনের ভিতর নেতিবাচক চিন্তা-ভাবনা আসতে শুরু হবে সেগুলো সাদা পাতায় লিখে ফেলুন। নিজের অনুভূতিগুলো, যা অন্য কাউকে বোঝাতে পারছেন না, সেগুলোও লিখে ফেলুন। এতে চিন্তার বোঝা কমবে। মানসিক চাপ থেকেও মুক্তি মিলবে। দুশ্চিন্তা কমে যাবে।
ডিজিটাল ডিটক্স
যখন নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সারাক্ষণ দুশ্চিন্তা করছেন, তখন মোবাইল থেকে দূরে থাকুন। স্ক্রোলিং করা থেকে বিরত থাকুন। যদি সপ্তাহে এক দিনও ডিজিটাল ডিটক্স করতে পারেন তাহলে মানসিক চাপ অনেকটাই কমবে। এর ফলে কিছুটা হলেও দুশ্চিন্তা এড়াতে পারবেন।
ভিন্ন কৌশল অনুসরণ করুন
যখন উৎকণ্ঠা বাড়তে থাকবে তখন এক জায়গায় চুপ করে বসুন। এক গ্লাস পানি খান। ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে কিছুটা হলেও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি এরপরেও দুশ্চিন্তা না কমে, তা হলে মাঠ বা পার্কে হাঁটতে বেরোতে পারেন। নিয়মিত ব্যায়াম করলেও এই ধরনের সমস্যা কমে যায়। শরীরচর্চা করলে স্ট্রেস হরমোনের মাত্রা কমে। সেই সঙ্গে সুখী হরমোন নি:সরণ হয়।
পেশাদার কারও সাহায্য নিন
যদি দুশ্চিন্তা করা অভ্যাসে পরিণত হয়, তা হলে সাহায্য চাইতেই হবে। বিশ্বস্ত কারও সাথে সমস্ত কথা শেয়ার করতে পারেন। এ ছাড়া মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলতে পারেন। সূত্র : এই সময়
- বিষয় :
- মানসিক স্বাস্থ্য