ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন

অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন
×

দিলু মজুমদার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৪:০৪ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৪:০৯

আরণ্যক নাট্যদলের পরিচিত মুখ, অভিনেতা দিলু মজুমদার আর নেই। বুধবার বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

সামাজিকমাধ্যমের এক পোস্টে দিলু মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আরণ্যক নাট্যদল। একইসঙ্গে অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।

জানা গেছে, কয়েকদিন ধরেই তার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। বুধবার হঠাৎই সন্ধ্যার আগে শারীরিক অসুস্থতা অনুভব করেন দিলু। সঙ্গে সঙ্গে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয়।

নাট্য অঙ্গনে অভিনেতা দিলু মজুমদারের প্রায় তিন যুগের ক্যারিয়ার। আরণ্যক নাট্যদলের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। পরে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন।

আরণ্যক নাট্যদল জানিয়েছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের সামনে এ অভিনেতার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা হবে উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে। এরপর তাঁকে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।

আশির দশকের শুরুতে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন দিলু মজুমদার। দীর্ঘ অভিনয়জীবনে তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

আরণ্যক নাট্যদলের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও কৃতিত্বের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। মঞ্চে তাঁর অভিনীত নাটকের মধ্যে ‘ইবলিশ’, ‘পাথর’, ‘অববাহিকা’, ‘গিনিপিগ’, ‘খেলা খেলা’, ‘জয়জয়ন্তী’, ‘ময়ূর সিংহাসন’, ‘রাড়াঙ’, ‘সঙক্রান্তি’ প্রভৃতি উল্লেখযোগ্য।

আরও পড়ুন

×