ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান খামেনির

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান খামেনির
×

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি: এএফপি/কোলাজ

এএফপি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৩:৫৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৩:৫৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নতুন একটি বার্তা প্রকাশ করেছে দেশটির সরকার। রোববার প্রকাশিত বার্তায় তিনি আঞ্চলিক মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

মুসলিম দেশগুলোর উদ্দেশে মোজতবা খামেনি বলেছেন, ‘সমস্যার সমাধান হলো- ঐক্য, বন্ধুত্ব এবং কল্যাণের পথে সহযোগিতা করা।’ মোজতবার ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় আরও বলা হয়েছে, ‘জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় যারা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ইসলামি সমাজে সংঘাত উসকে দেয়, তারা আসলে ইসলামের শত্রুদের উদ্দেশ্য পূরণ করেছে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে আঞ্চলিক শাসকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন খামেনি। বলেছেন, ‘প্রকৃত শত্রুকে চিনতে হবে। তাদের পরিকল্পনা বুঝে সে অনুযায়ী মোকাবিলা করতে হবে।’

যুদ্ধ চলাকালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ কারণে দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কের অবনতি ঘটেছে।

ইরানের কর্মকর্তা, নাগরিকদেরকে মতপার্থক্য পাশে রেখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খামেনি। গত শুক্রবার দেওয়া এক বার্তায়ও তিনি ইরানিদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। সেদিন বলেছিলেন, ‘সামাজিক সংহতির জন্য ক্ষতিকর যেকোনো কাজকে নিষিদ্ধ ঘোষণা করছি।’

খামেনি ধীরে ধীরে ডলারের ওপর থেকে নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন। প্রবৃদ্ধি বাড়াতে উৎপাদন জোরদারের ওপর গুরুত্ব দেন। তবে কয়েক মাসের মার্কিন নৌ অবরোধ এবং বছরের পর বছর ধরে চলা কঠোর নিষেধাজ্ঞা ইরানের মানুষের জীবিকা ও অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি করেছে।

আরও পড়ুন

×