ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাইকিং রূপে বালাম, ভিজ্যুয়ালে অংশুর চমক

ভাইকিং রূপে বালাম, ভিজ্যুয়ালে অংশুর চমক
×

ভাইকিং রূপে বালাম। ছবি: শিল্পীর সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৬:২০ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৬:৩৬

মিউজিক ভিডিওতে নির্মাণে বরাবরই আলাদা মুন্সিয়ানা দেখিয়ে আসছেন তানিম রহমান অংশু। তাঁর নির্মিত প্রতিটি মিউজিক ভিডিওতেই থাকে গল্প, ভিজ্যুয়াল চমক আর ভিন্নধর্মী উপস্থাপনা। সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় সংগীতশিল্পী বালামকে একেবারে নতুন রূপে হাজির করলেন তিনি। ‘ভাইকিং’ বা অভিযাত্রীর আদলে নির্মিত হয়েছে বালামের নতুন গান ‘মাওলা’-র মিউজিক ভিডিও।

‘মাওলা’ গানটি রয়েছে বালামের পঞ্চম একক অ্যালবামেও, যেটি গত ঈদুল ফিতরে প্রকাশিত হয়েছিল। এবার সেই অ্যালবামের টাইটেল ট্র্যাকটিই আসছে বড় পরিসরের ভিজ্যুয়াল উপস্থাপনায়। সোমবার প্রকাশ হতে যাওয়া গানটির মিউজিক ভিডিও ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

শনিবার রাজধানীর বনানীর ক্লাব নটর ডেমিয়ানসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয় ‘মাওলা’ গানের ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাম, হামিন আহমেদ, হাবিব ওয়াহিদ, কোনাল, এলিটা করিম, আলিফ আলাউদ্দিন, ফারশিদ আলম ও কাজী ফয়সাল আহমেদসহ সংগীতাঙ্গনের অনেক পরিচিত মুখ।

অনুষ্ঠানে উঠে আসে গানটির ভাবনা, নির্মাণপ্রক্রিয়া এবং ভিডিও পরিকল্পনার নানা গল্প। বালাম জানান, ‘মাওলা’ গানটির জন্ম হয়েছিল এক গভীর অনিশ্চয়তার সময় থেকে। করোনা মহামারির সেই কঠিন সময়ে মানুষের অসহায়ত্ব, ভয় এবং সৃষ্টিকর্তার কাছে আশ্রয় খোঁজার অনুভূতিই তাকে গানটি লিখতে অনুপ্রাণিত করে।

গানটি প্রসঙ্গে বালাম বলেন, “কোভিডের সময় মনে হয়েছিল, মাওলা ছাড়া আমাদের আর কোনো পরিত্রাণ নেই। সেই অনুভূতি থেকেই গানটির জন্ম। পরে তানিম রহমান অংশুর সঙ্গে এটি নিয়ে আলোচনা হলে আমরা সিদ্ধান্ত নিই, গানটির জন্য আলাদা মাত্রার একটি ভিডিও তৈরি করব।”

গানটির অন্যতম আকর্ষণ এর ভিজ্যুয়াল নির্মাণ। নেপালের কালিনচক নামের দুর্গম পাহাড়ি অঞ্চলে শুটিং করা হয়েছে পুরো ভিডিওটি। প্রায় আট হাজার ফুট উচ্চতায় ভয়ংকর ঠান্ডার মধ্যে চলে শুটিং। সেই প্রতিকূল পরিবেশেই ‘ভাইকিং’ লুকে দেখা যাবে বালামকে। লম্বা কোট, রাগড স্টাইল, পাহাড়ি আবহ আর রহস্যময় ভিজ্যুয়াল-সব মিলিয়ে ভিডিওটিতে থাকছে এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ২০২০ সালেই গানটি নিয়ে কাজের পরিকল্পনা ছিল। কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। কয়েক সপ্তাহ আগে বালাম ভাই জানালেন, এবার কাজটি করতে চান এবং একটু অন্যরকমভাবে হাজির হতে চান। তখনই ভাইকিং লুকের পরিকল্পনা আসে। নেপালে ভয়ংকর ঠান্ডার মধ্যে আমরা শুটিং করেছি। সবাই অনেক কষ্ট করেছে। সেই পরিশ্রমের ফল দর্শকরা পর্দায় দেখতে পাবেন বলে আশা করছি।

গানটির কথা লিখেছেন রশিদ নিউটন ও বালাম। মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা-এই আকুতিভরা লাইনের মধ্য দিয়েই শুরু হয় গানটি। আধ্যাত্মিকতা, বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং আত্মসমর্পণের অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত গানটি ইতোমধ্যেই শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।


 

আরও পড়ুন

×