ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৭

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৭
×

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ছবি: সমকাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৩:৩৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ও সন্দেহভাজন হয়ে মোট ৩৭ জন শিশুর মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া শিশুটি ১১ মাস বয়সী কন্যাসন্তান। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৩ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ মে বিকেলে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, শিশুটি সেপ্টিসেমিয়া (রক্তে সংক্রমণ), সন্দেহভাজন হাম, সেরিব্রাল পালসি, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে (জিডিডি) এবং মৃগীরোগে ভুগছিল।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত মোট ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামে আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, শিশুদের সুরক্ষায় টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে এবং লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত।
 

আরও পড়ুন

×