ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ০০:০০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলোতে মোট ৬২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হাম রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৯ জন।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫০৮ জন। আর চিকিৎসা চলাকালীন মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ময়মনসিংহের দাপুনিয়া এলাকার ৬ মাস বয়সী এক শিশু ছেলে রয়েছে। গত ১৯ মে রাতে হাসপাতালে ভর্তির পর গতকাল ২৫ মে সন্ধ্যায় সে মারা যায়। চিকিৎসকরা বলছেন, তার মৃত্যুর কারণ নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরসহ হামের উপসর্গ। অন্য শিশুটি নেত্রকোনার মোহনগঞ্জের দেওথান এলাকার ১০ মাস বয়সী ছেলে। গত ২০ মে সকালে ভর্তির পর মঙ্গলবার ২৬ মে ভোরে মারা যায়। তার মৃত্যুর কারণ নিউমোনিয়া, রক্তস্বল্পতা ও হার্ট ফেইলিউরসহ হামের উপসর্গ উল্লেখ করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি ও চিকিৎসার বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালে আসা অধিকাংশ হাম আক্রান্ত শিশুর ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা নিউমোনিয়া, তীব্র রক্তস্বল্পতা কিংবা হার্ট ফেইলিউরের মতো মারাত্মক জটিলতা নিয়ে শেষ মুহূর্তে ভর্তি হচ্ছে। আমাদের চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তবে শিশুদের অবস্থা জটিল হওয়ার আগেই দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন

×