পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১২:২৫ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১২:৩২
ময়মনসিংহে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মো. জাহাঙ্গীর (৩১) ও তার আড়াই বছর বয়সী ছেলে রুহান (রোহান)। তারা ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে তিনি পরিবারের সঙ্গে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। পথে আলালপুর আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। তিনি বলেন, দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
- বিষয় :
- ময়মনসিংহ
- সংঘর্ষে নিহত
- ঈদযাত্রা
