ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিকদের জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সাংবাদিকদের জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
×

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সমকাল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৪:৫৪

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের পেশাদারত্ব ও দক্ষতা বৃদ্ধির জন্য দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে দুয়েকটি দেশের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনাও হয়েছে। এছাড়া অসচ্ছল সাংবাদিকরা যাতে এককালীন অনুদান পেতে পারেন সরকার সে পদক্ষেপও নিচ্ছে।

গতকাল শুক্রবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদপরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে প্রতিমন্ত্রীর বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, শাহজাহান ফকির, হান্নান মাহমুদ, মোখলেছুর রহমান, হান্নান আল আজাদ ও আলম ফরাজী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশ সাংবাদিকদের উচ্চতর প্রশিক্ষণের বিষয়ে আমি ইতিমধ্যে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। প্রতি বছর আমাদের দেশ থেকে যাতে ৪০–৫০ জন সাংবাদিক সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারেন সে জন্য তাঁকে অনুরোধ করেছি। এছাড়া অচিরেই নান্দাইলের সাংবাদিকদের একটি প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

ইয়াসের খান তার বক্তৃতায় স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকলে নান্দাইল সদরে সরকারি ব্যয়ে সব সুযোগ–সুবিধাসহ একটি আধুনিক ভবন নির্মাণের ব্যবস্থা করে দেব।’

এ সময় প্রতিমন্ত্রী ভিউ বাড়ানোর জন্য অসত্য বা অতিরঞ্জিত কোনো সংবাদ পরিবেশন না করার অনুরোধ করেন সাংবাদিকদের প্রতি।

আরও পড়ুন

×