ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণ করেন: ডেপুটি স্পিকার

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণ করেন: ডেপুটি স্পিকার
×

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৬:৪৭ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১৭:০৪

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল একজন সেনাপ্রধান বা রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন জন্মগত নেতা। সততা, দেশপ্রেম, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণ করেছিলেন। 

শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্গাপুর উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ব্যারিস্টার কায়সার কামাল জিয়াউর রহমানের সামরিক জীবনের সাহসিকতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তরুণ সেনা কর্মকর্তা হিসেবে তিনি যে অসাধারণ সাহসিকতা ও রণকৌশলের পরিচয় দিয়েছিলেন, তা তাঁকে বীরত্বপূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করেছিল।

মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটময় হয়ে ওঠে, তখন মেজর জিয়াউর রহমান নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা না করে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর দেশের ক্রান্তিলগ্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। দেশের গার্মেন্টস শিল্পের বিকাশ, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, কৃষি উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও জিয়াউর রহমান অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। ব্যক্তিগত সততা ও রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীলতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আজও রাজনৈতিক নেতৃত্বের জন্য অনুসরণীয়।

নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের জন্য নয়, বরং শহীদ জিয়ার আদর্শ ও কর্মজীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। একজন রাজনৈতিক কর্মীর প্রথম দায়িত্ব হওয়া উচিত মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দুর্গাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×