গ্রেপ্তার যুবক খুনিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন
সাজিবুল ইসলাম অপূর্ব
নেত্রকোনা ও ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ০৯:৩৯
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সাজিবুল ইসলাম অপূর্ব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে দুর্গাপুর পৌরসভার উকিলপাড়ার বাসিন্দা অপূর্বকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলিফ হত্যার ঘটনায় সম্পাদক পরিষদ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ দিকে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া ও নেত্রকোনার খালিয়াজুরীতে মানববন্ধন করা হয়েছে।
অপূর্ব এর আগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। তবে আলিফ হত্যায় তিনি জড়িত নন বলে পুলিশকে জানিয়েছেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, এসআই শফিকুল ইসলাম হত্যা মামলায় গত বছরের ৯ সেপ্টেম্বর জামিন পেয়ে কারাগার থেকে বের হন অপূর্ব। সাংবাদিক আলিফ হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেননি তিনি। তবে এ হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ও আলিফের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আলিফ গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির সামনের একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
এ ঘটনায় শুক্রবার রাতে আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক ব্যবসা ও চোরাচালান নিয়ে লিখতেন। এই দম্পতির চার বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি ছেলে রয়েছে।
সম্পাদক পরিষদের নিন্দা ও প্রতিবাদ
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল সংগঠনটির সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, এ হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর গুরুতর আঘাত। হত্যার পেছনে রাজনৈতিক, ব্যক্তিগত বা সাংবাদিকতা-সংশ্লিষ্ট বিরোধ কিংবা পূর্ববর্তী হুমকির ঘটনা ছিল কিনা, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান যাই হোক, কাউকে দায়মুক্তি দেওয়া যাবে না।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করে সম্পাদক পরিষদ বলেছে, সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সত্য প্রকাশের অধিকার রক্ষায় আলিফ হত্যার বিচার নিশ্চিত করা জরুরি।
ফুলবাড়িয়া ও খালিয়াজুরীতে মানববন্ধন
সাংবাদিক আলিফ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ময়মনসিংহের ফুলবাড়িয়া ও নেত্রকোনার খালিয়াজুরীতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম এবং সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন ও হেলাল উদ্দিন উজ্জ্বলসহ অন্যরা।
বিকেলে খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। সঞ্চালনা করেন সদস্য সচিব সোহান বিন নবাব। এতে বক্তব্য দেন ক্লাবের সদস্য আবুল হোসেন, সেলিম আহমেদ ও সাংবাদিক রাসেল আহমেদ।
দুই মানববন্ধনেই বক্তারা বলেন, আলিফ মাদক ব্যবসা, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তারা আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
- বিষয় :
- নেত্রকোনা