দেশটাকে আমাদেরই সাজাতে হবে, অন্য কেউ সাজিয়ে দেবে না: ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার কায়সার কামাল। ছবি: সমকাল
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১০:৩৮
‘এই দেশটা আমাদের। আমাদের দেশটাকে আমাদেরই সাজাতে হবে, অন্য কেউ সাজিয়ে দেবে না।’ শিক্ষার্থীদের উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার রাতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর পশ্চিমপাড়া দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পূজা শিশুদের আদর্শ ও নৈতিকতার শিক্ষা দেয়। আমার কাছে হিন্দু, মুসলিম বা বৌদ্ধ— এমন কোনো ভেদাভেদ নেই। প্রত্যেক নাগরিকের প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালোভাবে পড়াশোনা করে অবহেলিত এই অঞ্চলকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। দেশের উন্নয়নে নিজেদেরই দায়িত্ব নিতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাট গোবিন্দপুর পশ্চিমপাড়া দুর্গামন্দিরের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানানো হয়। তিনি মন্দিরে পৌঁছালে পূজারিরা উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
- বিষয় :
- ডেপুটি স্পিকার
- নেত্রকোণা
- দুর্গাপূজা