ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রেম প্রতিশোধ আর প্রাক্তন

প্রেম প্রতিশোধ আর প্রাক্তন
×

‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ সিনেমায় সানিয়া মালহোত্রা, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ও রোহিত সরাফ

সাইফান সানাফ

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১৫:১১ | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ | ১৫:৫৪

বলিউডের দৃশ্যপটে যখন পরিচিত জুটি এবং চেনা ফর্মুলার ছন্দ প্রায়ই পুনরাবৃত্ত হয়, তখনই কোনো এক জুটি এসে সেই সমীকরণকে ওলটপালট করে দেয়। ঠিক তেমনই এক ঝকঝকে ও প্রাণবন্ত জুটি হলো জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। এই জুটির যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ‘বাওয়াল’ ছবির মাধ্যমে, যেখানে তাদের রসায়ন দর্শকের মনে গভীর দাগ কেটেছিল। এই সাফল্যই তাদের আবারও একসঙ্গে কাজের জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করে। সেই সূত্র ধরে আজ ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’।

করণ জোহরের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শশাঙ্ক খৈতান। এই ছবিতে প্রেম, হিংসা, প্রতিশোধ আর বিয়ের হইচই মিলিয়ে দর্শকদের সামনে হাজির করবে এক অন্য ধরনের প্রেমের গল্প, যা প্রকাশ হওয়া ট্রেলারে স্পষ্ট করেছেন নির্মাতা। ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবির গল্প মূলত ‘প্রাক্তনের যুদ্ধ’। বরুণ আর জাহ্নবী অভিনয় করেছেন এমন এক জুটির চরিত্রে, যারা নকল প্রেমের অভিনয় করে শুধু নিজেদের প্রাক্তনদের (রোহিত সরাফ ও সানিয়া মালহোত্রা) জ্বালানোর জন্য। কিন্তু এই নকল প্রেমের অভিনয়ের মধ্যে ঘুরপাক খেতে থাকে নতুন প্রেম। আর সেখানেই মিশে যায় হিংসা, দ্বন্দ্ব আর মজার সব ব্যাপার-স্যাপার। সম্প্রতি প্রকাশ হওয়া সিনেমার ট্রেলারটি জমে উঠেছে একের পর এক ওয়ান-লাইনার, চটুল রোমান্টিক মুহূর্ত এবং ঝলমলে নাচের দৃশ্যের মাধ্যমে। ট্রেলারে ভারতীয় বিয়ের আড়ম্বরকে বড়পর্দায় খুবই বর্ণিলভাবে উপস্থাপন করেছেন নির্মাতা। একটি বিশেষ দৃশ্যে বরুণকে দেখা গেছে তাঁর বাবা ডেভিড ধাওয়ানের কালজয়ী সিনেমা ‘রাজা বাবু’র স্টাইলে প্রেমপত্র লিখতে। এই নস্টালজিক মুহূর্তটি বলিউডপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনেক সমালোচকই ছবির গল্পে খুঁজে পাচ্ছেন কাজল-অজয় দেবগনের ‘পেয়ার তো হোনা হি থা’র ছায়া। তবে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’র গল্পে রয়েছে একান্তই নিজস্ব এক মিশ্রণ। ট্রেলারটি মুক্তির পরেই সামাজিক মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখা গেছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, দর্শক এই জুটিকে বেশ পছন্দই করেন। বরুণ-ভক্তরা একবাক্যে বলছেন, তাদের প্রিয় তারকা আবারও ফিরেছেন তাঁর কমেডির আসল রূপে, যে রূপ তাঁকে প্রথম স্থাপন করেছিল বলিউডের অন্যতম নির্ভরযোগ্য তারকা হিসেবে। অনেক দর্শকেরই মনে হয়েছে, ছবিটি যেন ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ আর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র উত্তরসূরি। কারণ এতে রয়েছে একই রকমের পারিবারিক হাস্যরস এবং জাঁকজমকপূর্ণ বিয়ের দৃশ্য। জাহ্নবী আর বরুণ জুটির সাফল্যের পেছনে রয়েছে তাদের পরিপূরক অভিনয়শৈলী। জাহ্নবী কাপুর বলিউডের নেপথ্য রাজকুমারী হয়েও তাঁর অভিনয় নিয়ে সাধনা ও নিরলস পরিশ্রমে বলিউডের একজন গ্রহণযোগ্য অভিনেত্রী হয়ে উঠেছেন। অন্যদিকে বরুণ ধাওয়ান তাঁর বাবার কোমিক টাইমিং-এর উত্তরাধিকার নিয়ে এসেছেন, সঙ্গে যোগ করেছেন এক অনবদ্য এনার্জি আর চার্ম। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ কেবল একটি রোমান্টিক কমেডিই নয়; এটি বলিউডের একটি জনপ্রিয় ঘরানাকে পুনরুজ্জীবিত করার প্রয়াস। 
 

আরও পড়ুন

×