টেইলর সুইফটের মিউজিক্যাল জার্নি
টেইলর সুইফট
মীর সামী
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৩:১১
একটি ভোর কখনও শুধু দিনের শুরু নয়। কখনও কখনও তা একটি অধ্যায়ের সমাপ্তিও হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা হলো টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর শেষ কনসার্টের দিন। মঞ্চের আলো নিভে যাওয়ার আগেই টেইলর শোনালেন নতুন এক গল্প। তিনি এবার নিয়ে আসছেন তাঁর নতুন তথ্যচিত্র সিরিজে, ‘ইরাস ট্যুর: দ্য এন্ড অব অ্যান এরা’।
এক দশকের বেশি সময় ধরে বিশ্বের পপসংগীতের বুকে এক ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকা নাম টেইলর সুইফট। তবে এই নামের আড়ালে লুকিয়ে থাকে অবিরাম পরিশ্রম, সম্পর্কের টানাপোড়েন, ব্যর্থতার মুখোমুখি হওয়া এবং অসংখ্য মঞ্চের পেছনের নিঃশব্দ প্রস্তুতি। এসব গল্প এতদিন শ্রোতারা শুনেছেন তাঁর গানে, কিন্তু এবার তারা দেখতে পাবেন সেই অনুচ্চারিত অধ্যায়গুলো চোখের সামনে। ২০২৩ সালে শুরু হওয়া ‘ইরাস ট্যুর’ ছিল এক মহাযজ্ঞ। বিশ্বের ৫৩টি শহরে মোট ১৪৯টি শো, কোটি কোটি দর্শক, বিলিয়ন ডলারের টিকিট বিক্রি। অথচ এই চোখ ধাঁধানো আলোর নিচে ছিল টেইলরের ঘাম, ক্লান্তি আর ভালোবাসা। এই তথ্যচিত্র সেই গল্পই বলে।
সম্প্রতি প্রকাশ হওয়া ‘ইরাস ট্যুর: দ্য এন্ড অব অ্যান এরা’ টিজারে টেইলর বলেন, ‘আমরা অনেক দিন ধরেই এই ট্যুরের সমাপ্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর আজকে আমরা আপনাদের জন্য শেষ শো করতে যাচ্ছি।’ সুইফটের এই কথায় যেমন আছে বিস্ময়ের সুর, তেমনই আছে কৃতজ্ঞতার আভাস। যে ট্যুর তাঁকে দিয়েছিল এক অদ্বিতীয় ক্যারিয়ারের শিখর, সেই ট্যুরের শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতেই এই ছয় পর্বের ডকুসিরিজ।
প্রতিটি পর্বে থাকবে নতুন দৃশ্য, অপ্রকাশিত মুহূর্ত, মঞ্চের পেছনের পরিকল্পনা আর মহড়ার ঘনঘন শ্বাস। থাকবে সাবরিনা কারপেন্টার, গ্রেসি অ্যাব্রামস, এড শিরান ও ফ্লোরেন্স ওয়েল্চের মতো ঘনিষ্ঠ সহযাত্রীদের উপস্থিতি; যারা শুধু সহশিল্পীই নন; বরং সুইফটের যাত্রার অংশীদার।
তবে শুধু সংগীত নয়, এই সিরিজে ধরা পড়বে তাঁর ব্যক্তিগত জীবনের স্পর্শও। ট্র্যাভিস কেলসির সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা ঠিক এই ট্যুরেই। এক মুহূর্তে টেইলর তাঁকে বলছেন, ‘তোমার আছে কোচ রিড, আর আমার আছে মা।’ আবার এক জায়গায় কেলসিকে বলছেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্চর্য।’
মঞ্চের আলোর বাইরে গড়ে ওঠা এই সম্পর্কের আবেগ, সংকোচ আর নির্ভরতা। সবই থাকবে ক্যামেরার ফ্রেমে। মার্কিন একাধিক গণমাধ্যমে সুইফট নিজেই বলেন, ‘একটা ট্যুর মানে শুধু গান গাওয়া না, এটি মানে শারীরিক আর মানসিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকা।’ তাইতো ইরাস ট্যুর ছিল তাঁর কাছে এক সফর, যেখানে তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর জীবনের প্রতিটি অধ্যায়। ভালোবাসা, বিচ্ছেদ, নিজেকে নতুনভাবে আবিষ্কার করার অনুশীলন।
আগামী ১২ ডিসেম্বর ডিজনি প্লাসে মুক্তি পাচ্ছে এই তথ্যচিত্রের প্রথম দুই পর্ব। এরপর ১৯ ও ২৬ ডিসেম্বর আসবে পরের পর্বগুলো। একই দিনে ‘দ্য ফাইনাল শো’ নামে প্রকাশ পাচ্ছে পুরো ইরাশ ট্যুরের শেষ কনসার্টের চিত্রায়ণ; যা ভ্যাংকুভারে ধারণ করা হয়েছিল।
ইরাশ ট্যুরের ছিল এক বৈশ্বিক আন্দোলন, আর তার অন্যতম মুহূর্তের দলিল হতে চলেছে এই সিরিজটি। শুধুই গ্ল্যামার নয়, এই সিরিজে থাকবে ক্লান্তির গল্প, প্রস্তুতির কষ্ট, সম্পর্কের উষ্ণতা আর এক শিল্পীর ভেতরকার সত্তা খুঁজে পাওয়ার যাত্রা। টেইলর সুইফট যেমনটা গানে বলেন, ‘টাইম কিউরিয়াস টাইম/ গিভ মি নো কম্পাস/গিভ মি নো সাইন... তেমনি তাঁর এই সফরও ছিল দিকহীন, কিন্তু উদ্দেশ্যপূর্ণ। এই তথ্যচিত্র সেই মানচিত্রের নাম, যা দিয়ে আমরা টেইলরের ভেতরের পৃথিবীতে ঢুকে পড়তে পারি– চুপিচুপি, নিঃশব্দে।
টেইলর সুইফটের এই মিউজিক্যাল জার্নির গল্প শুধু পুরস্কার বা বিক্রির সংখ্যার নয়; এটি নিজের গল্প নিজের শর্তে বলার, নিজের শিল্পের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এবং ভক্তদের সঙ্গে এক অতুলনীয় আত্মিক বন্ধন তৈরির গল্প।
- বিষয় :
- টেইলর সুইফট
