ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পার্থের ছুটে চলা

পার্থের ছুটে চলা
×

পার্থ শেখ

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:১৩

| প্রিন্ট সংস্করণ

শুরুর দিকে নির্মাতা হিসেবে পথচলা শুরু করলেও অভিনয়ই তাঁকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। নাটক, ওয়েব ছবি, মিউজিক ভিডিও–সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। ধারাবাহিকভাবে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের আসন পোক্ত করেছেন। বলছি, অভিনেতা ও মডেল পার্থ শেখের কথা।  এনটিভির ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নাটক ‘হঠাৎ দেখা’ দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই তরুণ অভিনেতা। সেলিম রেজার পরিচালনায় নাটকটিতে নওবা তাহিয়া হোসাইনের সঙ্গে তাঁর রসায়ন দর্শকের নজর কেড়েছে। রোমান্টিক আবহে নির্মিত এই নাটকে তাঁর সংযত অভিনয় এবং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার দক্ষতা প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
পার্থ বলেন, ‘‘দর্শক সবসময় ভালো গল্পের কাজ দেখতে চান। ঈদের নাটক ‘হঠাৎ দেখা’ তেমনই। ভালোবাসার গভীর অনুভূতি আর সময়ের সঙ্গে তাদের সম্পর্ক বদলে যায়। তারা বুঝতে পারে–কিছু দেখা সত্যিই ভাগ্যের লেখা।  
কাজটি নিয়ে অনেকের মুখেই প্রশংসা শুনেছি।’’ 
ঈদের আগে গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে তাঁর অভিনীত মিউজিক ভিডিও ‘মন বুঝি না’। জিসান খান শুভর কণ্ঠে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। রহিত রহমান সৈকতের নির্দেশনায় নির্মিত ভিডিওটিতে পার্থের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। অন্যদিকে ওয়েব অঙ্গনেও নিজের অবস্থান আরও শক্ত করছেন পার্থ।
 সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া শঙ্খ দাশগুপ্তের ওয়েব ছবি ‘চা গরম’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। চা শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে এটি নির্মিত হয়েছে। বিশেষ করে প্রান্তিক মানুষের সংগ্রামকে মানবিকভাবে তুলে ধরার জন্য চলচ্চিত্রটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এই কাজটি নিয়ে পার্থ নিজেও প্রচণ্ড আবেগপ্রবণ। চলচ্চিত্রটি মুক্তির পর তিনি আবার ফিরে গিয়েছিলেন সেই চা বাগানে, যেখানে শুটিং হয়েছিল। শ্রমিকদের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতাকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে মনে করেন। অভিনয়ের বাইরে পার্থের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্রিকেট। একসময় জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন। ইনজুরির কারণে সেই স্বপ্ন ভেঙে যায়। পরে নতুন স্বপ্ন নিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। আজকের এই সাফল্যের পেছনে সেই হার না মানা মানসিকতাই সবচেয়ে বড় শক্তি। ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন পার্থ। চলতি বছরের শুরুতে প্রেমিকা সামিহা রহমানকে বিয়ে করেছেন তিনি। 
অভিনয়, ব্যক্তিগত জীবন এবং নতুন নতুন কাজ নিয়ে ছুটে চলা–সব মিলিয়ে সময়টা যেন সত্যিই পার্থ শেখের। 

আরও পড়ুন

×