কোরিওগ্রাফির নেপথ্য নায়ক
ইভান শাহরিয়ার সোহাগ
নন্দন প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৭:২৫
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের স্টেজ শো পারফরমাদের হাতেখড়ি হয়ে থাকে সোহাগ ড্যান্স ট্রুপের মাধ্যমে। মৌসুমি, পপি থেকে শুরু হাল আমলের পূজা চেরি ও দীঘি–সবার মঞ্চে নান্দনিক উপস্থাপনার পেছনে রয়েছে এই সোহাগ ড্যান্স ট্রুপ; যার কর্ণধার কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। তিনি বলেন, ‘কেবল চিত্রনায়িকা শাবনূরকে সোহাগ ড্যান্স ট্রুপে আমরা পাইনি। কারণ আমি কাজ শুরুর আগেই তিনি স্টেজে কাজ ছেড়ে দিয়েছেন। তবে মৌসুমী, পপি থেকে শুরু করে এই সময়ের কোনো নায়িকা নেই, যারা আমার কোরিওগ্রাফিতে কাজ করেননি। এমনকি নন্দিত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, তারিন জাহান থেকে শুরু করে হাল আমলের নৃত্যশিল্পীরাও আমার কোরিওগ্রাফিতে পারফর্ম করছেন।’
মূলত শোবিজ তারকাদের প্রিয় মুখ সোহাগ। বাংলাদেশের নৃত্যজগতে পরিচিত নামটিই তাঁর। নৃত্যের সঙ্গেই যার বসবাস। মাত্র ৪ বছর বয়স থেকে জড়িয়ে পড়েন নাচের সঙ্গে। সেই থেকে আজ পর্যন্ত চলমান। প্রতিনিয়ত একের পর এক তাকলাগানো কোরিওগ্রাফি উপহার দিয়ে যাচ্ছেন দেশের নৃত্যশিল্পে। শুধু তাই নয়, নৃত্য পরিচালনার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সোহাগ ড্যান্স ট্রুপের কোরিওগ্রাফিতে সর্বশেষ আয়োজনগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন ঢাকার শোবিজে কতটা প্রভাব প্রতিষ্ঠানটির। ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৫-এর আয়োজনটিতে তারকারা সোহাগের কোরিওগ্রাফিতে পারফর্ম করেছেন। তার আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে এফডিসিতে অনুষ্ঠিত আয়োজনও ছিল সোহাগ ড্যান্স ট্রুপের। চলতি মাসে তাদের হাতে রয়েছে ডজনখানেক ইভেন্ট, যে ইভেন্টে থাকছেন পরীমণি ও শাকিব খানের মতো তারকারা; যারা এই সোহাগের কোরিওগ্রাফিতে পারফর্ম করবেন।
বরিশালে শিশু সংগঠন ‘খেলাঘর’ থেকে নৃত্যের হাতেখড়ি সোহাগের। তারপর থেকেই নৃত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন তিনি। ‘নৃত্যভূমি’ নামে ঢাকায় একটি নাচের স্কুলও গড়ে তোলেন তিনি। পাশাপাশি যারা পেশাদারিভাবে নাচের প্র্যাকটিস করেন তাদের জন্য গড়ে তোলেন ‘সোহাগ ড্যান্স ট্রুপ’। মূলত সোহাগ ড্যান্স ট্রুপের মাধ্যমেই প্রফেশনাল নাচের প্রোগ্রামগুলো পরিচালনা করেন তিনি।
ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘যে বয়সটায় আমার নিজেকে সময় দেওয়ার দরকার ছিল, যে বয়সটায় আমার নিজেকে তুলে ধরার উপযুক্ত সময় ছিল, সে বয়স থেকেই আমি নাচের কোরিওগ্রাফি শিখিয়ে যাচ্ছি। নাচ ভালো লাগার কারণে, নাচকে ভালোবাসার কারণে নিজের চেয়ে নিজের শিক্ষার্থীদের বেশি সময় দিয়েছি। এখন সোহাগ ড্যান্স ট্রুপে সব শিল্পী এসে প্র্যাক্টিস করেন। আমার কোরিওগ্রাফিতে অনেকে দেশবিদেশের মঞ্চে পারফর্ম করেন; যা সত্যিই অনেক আনন্দের।’
সোহাগের নির্দেশনায় নেচেছেন বাংলাদেশের যে সব তারকা তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন পূর্ণিমা, মৌসুমী, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, পরীমণি, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, মম, তানজিন তিশা, সাবিলা নূর, তারিন, ঈশিতা, চাঁদনী, নাদিয়া, সাবিলা নূর, মন্দিরাসহ দেশের প্রায় সব তারকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পরপর চারবার আরটিভি স্টার অ্যাওয়ার্ড, পরপর চারবার বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরাম অ্যাওয়ার্ড, বাবিসাস অ্যাওয়ার্ড, কলকাতা থেকে প্রয়াস অ্যাওয়ার্ড, নেপাল থেকে নেপাল বাংলাদেশ সংস্কৃতি বিনিময় অ্যাওয়ার্ড, জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কারসহ প্রায় ২০০-এর অধিক অ্যাওয়ার্ড রয়েছে সোহাগের ঝুলিতে।
- বিষয় :
- কোরিওগ্রাফার
