ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নিউইয়র্কে অপূর্বর মিউজিক্যাল নাইট

নিউইয়র্কে অপূর্বর মিউজিক্যাল নাইট
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৭:৫১

| প্রিন্ট সংস্করণ

অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আগ্রহ। অবসরে গিটার হাতে গান গেয়ে বন্ধুদের আড্ডা জমিয়ে তোলার অভ্যাস তাঁর পুরোনো। শুধু ব্যক্তিগত পরিসরেই নয়, বিভিন্ন সময় মঞ্চেও গান পরিবেশন করতে দেখা গেছে এই অভিনেতাকে। এবার প্রথমবারের মতো একক কনসার্টে দর্শকদের সামনে গান নিয়ে হাজির হচ্ছেন অপূর্ব। এই আয়োজন হবে দেশের বাইরে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবে তাঁর ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’। চলতি মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে অপূর্বর এই কনসার্ট নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের প্রচারণামূলক ফটোকার্ডও। তবে বিষয়টি নিয়ে এত দিন নীরব ছিলেন অভিনেতা। পরে জানা যায়, আয়োজন নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অবশেষে গতকাল বুধবার সামাজিক মাধ্যমে নিজেই কনসার্টের খবর প্রকাশ করেন অপূর্ব। আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’। প্রায় দুই ঘণ্টার এই আয়োজনে গান দিয়ে দর্শকদের সঙ্গে সময় কাটাবেন তিনি। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের বড় একটি সময় সেখানেই কাটান তিনি। স্ত্রী, কন্যাও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রবাসজীবনের কারণে আগের মতো নিয়মিত অভিনয়ের ব্যস্ততায় দেখা যায় না তাঁকে। সর্বশেষ তাঁকে দেখা গেছে সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ। এতে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত জুনে মুক্তি পাওয়া ‘হেডলাইন’-এর মাধ্যমে প্রায় দুই বছর পর ফিরেছেন অপূর্ব। এর আগে ২০২৪ সালে তাঁকে দেখা গিয়েছিল ‘গোলাম মামুন’ সিরিজে। জানা গেছে, দেশে ফিরলে এর দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন তিনি। 

আরও পড়ুন

×