ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ব্রুনাইয়ের শ্রমবাজার

সরিষার ভূত তাড়ান

সরিষার ভূত তাড়ান
×

--

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৮

বিদেশে কর্মসংস্থানের বিবেচনায় ব্রুনাই আমাদের অন্যতম শ্রমবাজার। কিন্তু দালালচক্রের অপতৎপরতায় এই শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়ছে। শনিবার সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দালাল হিসেবে চিহ্নিতরা অনিয়ম-দুর্নীতির ব্যাপারে অভিযোগের আঙুল তুলেছেন ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে। অন্যদিকে 'দালাল' চিহ্নিত করতে চাপে পড়েছে হাইকমিশন। প্রবাসীদের তারাই নির্যাতন করছেন বলে অভিযোগও উত্থাপিত হয়েছে। অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। গত দুই বছরে ব্রুনাইয়ে যাওয়া প্রায় ৩৪ হাজার বাংলাদেশির মধ্যে আট হাজারেরও বেশি কর্মীর ভিসা বাংলাদেশ হাইকমিশন সত্যায়িত করলেও বাকিরা এখনও বৈধতার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। জীবিকার জন্য তাদের ভিক্ষাবৃত্তি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার খবর আমাদের অধিকতর উদ্বিগ্ন না করে পারে না। আমরা জানি, জনশক্তি রপ্তানির নামে দালাল ও সংশ্নিষ্ট দায়িত্বশীল মহলের অসাধুদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট ইতোমধ্যে আমাদের শ্রমবাজারের ব্যাপক ক্ষতি করেছে। এ কারণে অনেক দেশে আমাদের শ্রমবাজার সংকুচিত হয়েছে, কোনো কোনো দেশ আমাদের জনশক্তি আমদানি বন্ধ করে দিয়েছে। আবার কোনো কোনো দেশে শ্রমবাজারের দরজা এখনও বন্ধই আছে।

ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের যাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, তা গুরুতর। আমরা মনে করি, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পথ নিস্কণ্টক করতে কঠোর অবস্থান নিয়ে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে যথাযথ প্রতিকার নিশ্চিত করতেই হবে। জনশক্তি রপ্তানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার তাগিদ এর আগেও নানা মহল থেকে বারবার উত্থাপিত হলেও এ ক্ষেত্রে বিদ্যমান নেতিবাচকতা দূরীকরণে গাফিলতি যে রয়ে গেছে ব্রুনাইয়ের চিত্র এরই খণ্ডিত দৃষ্টান্ত। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্ররাষ্ট্র ব্রুনাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। জনশক্তি রপ্তানি আমাদের বৈদেশিক মুদ্রাভাণ্ডার স্ম্ফীত করার পাশাপাশি অর্থনীতিতেও গতি সঞ্চার করেছে। কাজেই অসাধু-দুর্নীতিবাজদের অপপ্রয়াসে আমাদের সম্ভাবনা বাধাগ্রস্ত হবে, তা মেনে নেওয়া যায় না। মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যে শ্রমবাজারের সুদিন আর নেই। কাজেই নতুন শ্রমবাজার সন্ধানের পাশাপাশি ব্রুনাইয়ের শ্রমবাজার অক্ষুণ্ণ রাখতে সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।

আরও পড়ুন

×