ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর খুনি মাজেদ আটক

পিতা হন্তারকদের রেহাই নেই

পিতা হন্তারকদের রেহাই নেই
×

ফাইল ছবি

--

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ১৪:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের এই দুঃসময়েও আমাদের জন্য স্বস্তির বাতাবরণ নিয়ে এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি (বরখাস্ত) ক্যাপ্টেন আবদুল মাজেদ আটক হওয়ার খবর। বস্তুত 'লকডাউন' পরিস্থিতিতেও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে গোটা জাতির স্বস্তি। প্রাথমিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন, এই খবর মুজিববর্ষের সেরা উপহার। '৭৫-এর ১৫ আগস্টের কালরাত্রিতে সংঘটিত জঘন্যতম ওই হত্যাকাণ্ডের দায়ে ফাঁসির দণ্ডাদেশ নিয়ে বহু বছর ফেরারি থাকার পরও মাজেদের শেষ রক্ষা হয়নি। ইতোমধ্যে তার মৃত্যু পরোয়ানা আদালত থেকে কারাগারে পৌঁছেছে। আমরা জানি, জাতির পিতাকে হত্যার পরও ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার আসামিরা সবাই নিম্ন ও উচ্চ আদালতে বিচারিক প্রক্রিয়ার সব সুযোগ-সুবিধা পাওয়ার পর ২০১০ সালের জানুয়ারিতে পাঁচ খুনির ফাঁসি কার্যকর হয়েছিল। মাজেদের আপিলের সময়ও বহু আগেই শেষ হয়ে যাওয়ায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন ছাড়া তার কৃতকর্মের ফল পাওয়ার পথে আর কোনো সুযোগ নেই।

আমরা প্রত্যাশা করি, মাজেদের মতো পলাতক অন্য পাঁচ আসামিকেও ন্যায়দণ্ডের সামনে হাজির হতে হবে। অস্বীকার করা যাবে না যে, পলাতক পাঁচজনের মধ্যে দু'জনের অবস্থান শনাক্ত হলেও বাকি তিনজন কোন দেশে রয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। আমরা মনে করি, এই পরিস্থিতিও খুনিদের জন্য কম শাস্তি নয়। দৈহিকভাবে বেঁচে থাকলেও সামাজিকভাবে তারা মৃত সমতুল্য। এমনকি বাঙালি জাতির ঘৃণা ও ক্ষোভ থেকে রেহাই পেতে তাদের সন্তান-সন্ততিকেও যেভাবে পরিচয় লুকিয়ে থাকতে হয়, সেই পরিণতি তারা '৭৫-এ বুঝতে পারলে জাতির পিতা যেমন আরও অনেক দিন আমাদের নেতৃত্ব দিতে পারতেন; খুনিরাও পিতৃহত্যার পাপ থেকে রেহাই পেত। মনে রাখতে হবে, বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি। কিন্তু তার খুনিদের সবাইকে শাস্তি নিশ্চিত করা না গেলে আইনের শাসনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যাবে না। আমরা দেখতে চাইব, বিশ্বের বিভিন্ন দেশে ফেরারি অন্য আসামিদেরও দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে। আজ হোক, কাল হোক সবাইকে আটক করতে হবে। জাতির পিতার হন্তারকরা পৃথিবীর মুক্ত বাতাস গ্রহণের অধিকার রাখে না।

আরও পড়ুন

×