ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সারা হয়ে সিনেমায় মৌ, আসছে ওটিটিতে

সারা হয়ে সিনেমায় মৌ, আসছে ওটিটিতে
×

সাদিয়া ইসলাম মৌ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৩:৪৯ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৪:০৬

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিনেমা ‘সারার সংসার’। এটি পরিচালনা করছেন আকা রেজা গালিব। এতে কেন্দ্রীয় চরিত্র সারা হয়ে অভিনয় করেছেন দেশের খ্যাতিমান মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এ ওয়েব সিনেমাটি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেয় আইস্ক্রিন কর্তৃপক্ষ।

মূল উপন্যাস ‘আর্তনাদ’-এর পটভূমি ছিল সত্তরের দশক। তবে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সারার সংসার’ ওয়েব সিনেমার গল্পের প্রেক্ষাপট আধুনিক সময়ে নিয়ে আসা হয়েছে। সেই অনুযায়ী নতুনভাবে নির্মাণ করা হয়েছে চিত্রনাট্য। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

ওয়েব সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। কারণ, এটি শুধু একটি পারিবারিক গল্প নয়; এর ভেতরে রয়েছে থ্রিলার ও সাসপেন্সের শক্তিশালী আবহ। গল্পে দেখা যাবে, মৌ অভিনীত সারা চরিত্রটি এক রাতে ঘটনাক্রমে তাঁর মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে। পরে মেয়ের সম্মান রক্ষার জন্য পুরো ঘটনাটি গোপন রাখার চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে লাশ সরিয়ে ফেললেও বিপদ আরও বাড়তে থাকে। নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ তদন্ত শুরু করলে একের পর এক জটিলতা তৈরি হয়। পরিবার, অপরাধবোধ, আতঙ্ক ও রহস্য– সব মিলিয়ে গল্পটি এগিয়ে যায় টানটান উত্তেজনায়।

এ প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘অনেক দিন পর এমন একটি চরিত্রে কাজ করলাম, যেখানে আবেগ, ভয়, মানসিক টানাপোড়েন– সব একসঙ্গে রয়েছে। সারা চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিল। গল্পটা পড়েই মনে হয়েছে, দর্শক নতুন ধরনের কিছু দেখতে পাবেন।’

নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভান্ডারে মাসুদ রানা ছাড়াও অসাধারণ অনেক গল্প রয়েছে। ‘সারার সংসার’ সেই ধরনেরই একটি গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের পাশাপাশি আছে রহস্য ও সাসপেন্স। তিনি বলেন, ‘ওয়েব ছবির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে।  তবে পুরো বিষয়টি করা হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকদের সামনে উপস্থাপন করতে।’

ওয়েব সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

গত বছর জুলাইয়ের শেষ দিকে এই সিনেমার কথা আনুষ্ঠানিকভাবে জানান নির্মাতা। কিন্তু এর আগে শেষ হয়েছিল  দৃশ্যধারণ। তখন এ ওয়েব সিনেমাটির নাম ছিল ‘গহীন অতল’। পরে নাম রাখ হয় ‘সারার সংসার’। 

সিনেমার সহশিল্পীদের নিয়ে ওই সময় মৌ বলেন, ‘ সিনেমার শুটিংয়ে সবাই খুব আন্তরিক ছিলেন। প্রত্যেকর সহযোগিতায় কাজটি বেশ উপভোগ করেছি। একটা ভালো টিমওয়ার্ক ছিল, যেটা স্ক্রিনে বোঝা যাবে বলে মনে করি। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ– সব মিলিয়ে কাজটা খুব প্রফেশনালি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম এখন দর্শকদের কাছে পৌঁছানোর দারুণ একটা মাধ্যম। এখানে গল্প বলার ধরন আলাদা, চরিত্রগুলোও অনেক বেশি বাস্তব আর গভীরভাবে উপস্থাপন করা হয়।’

দীর্ঘ সময় ধরে দেশের ফ্যাশন ও টেলিভিশন মাধ্যমের অন্যতম জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং কিংবা অভিনয়– দুই জগতেই তাঁর সৌন্দর্য, পরিশীলন ও নিপুণতার স্বাক্ষর বহুবার দেখা গেছে। 

ছোট পর্দা কিংবা ওটিটিতে নিয়মিত দেখা না গেলেও বিশেষ আয়োজন ও উৎসবকেন্দ্রিক অনুষ্ঠানে প্রায়ই উপস্থিত হন তিনি।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদ আনন্দমেলাতেও থাকছে তাঁর বিশেষ পরিবেশনা। নিজের নাচের দল নিয়ে একটি চমকপ্রদ নৃত্য পরিবেশন 
করেছেন তিনি। 

অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও যে তিনি এখন সমান উজ্জ্বল, সেটি আবারও মনে করিয়ে দেবেন মৌ। এমনটিই জানিয়েছেন আনন্দমেলার  প্রযোজকরা।

আরও পড়ুন

×