ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চাইলেই চুক্তি বাতিল সম্ভব না: বিদ্যুৎমন্ত্রী

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চাইলেই চুক্তি বাতিল সম্ভব না: বিদ্যুৎমন্ত্রী
×

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ২১:৫৫

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চাইলেই চুক্তি বাতিল সম্ভব না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সভরেইন গ্যারান্টি (সার্বভৌম নিশ্চয়তা) দেওয়ায় চাইলেই চুক্তি বাতিল করা সম্ভব নয়। ক্যাপাসিটি চার্জ নিয়ে বুধবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার যেসব বেসরকারি কোম্পানিকে বিদ্যুৎ কেন্দ্র দিয়েছিল, সেখানে সোভরেইন গ্যারান্টি দেওয়া হয়। সভরেইন গ্যারান্টি হলো রাষ্ট্রের গ্যারান্টি। এই গ্যারান্টি বাতিল করা অনেক সময়সাপেক্ষ। 'লেট পেমেন্ট ফিস' বন্ধে আলোচনা করছি। আশা করি, ফলপ্রসূ হবে। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তরে মারদিয়া মমতাজ বলেন, বছর বছর ক্যাপাসিটি চার্জ বাড়ছে। বিদ্যুতের দামের বড় অংশ ক্যাটাসিটি চার্জ। মন্ত্রী জবাবে বলেন, কোন বিদ্যুৎকেন্দ্র যখন উৎপাদন কার্যক্রমে প্রবেশ করে, তখন চালিয়ে রাখার জন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথেই জোড়াতালি দেওয়া যায় না। শক্ত নেগোসিয়েশন করা যায় না। 

ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নে জ্বালানী মন্ত্রী বলেন, বর্তমানে ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে দৈনিক প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। ফলে ঢাকা শহরেও প্রকৃত চাহিদার বিপরীতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস বরাদ্দ কম পাচ্ছে। 

যশোর-৪ আসনের গোলাম রছুলের প্রশ্নে বিদ্যুৎমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থ বছরে বিদ্যুৎ সঞ্চালনে সিস্টেম লস ছিল ৩ দশমিক শূণ্য ৪ শতাংশ। বিতরণ লস ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। ২০২৫-২৬ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সঞ্চালন লস দাঁড়িয়েছে ৩ দশমিক ২৭ শতাংশ এবং বিতরণ লস ৬ দশমিক ২৯ শতাংশ।

রংপুর-৩ আসনের মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে জ্বালানী মন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেতে শুরু করেছে। তবে ডিজেল, অকটেন, পেট্রোল বিক্রয়ে বিপিসিকে এখনও দৈনিক ৭৮ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে।  

জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমানের প্রশ্নে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চলমান নেই। তবে দুটি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 'নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট' ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়।

আরও পড়ুন

×