খালেদা জিয়ার প্রতি সরকারের সহমর্মিতার ঘাটতি নেই: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৯:০২
খালেদা জিয়াকে কারামুক্ত করতে 'বিশেষ আবেদন' করার পরিকল্পনার কথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, যারা বিশেষ আবেদনের কথা বলছেন, তারা আসলে আবেদন কার কাছে করবেন? আদালতে নাকি সরকারের কাছে?
বিএনপি চেয়ারপারসনের পরিবার আবেদন করলে সরকারের ভূমিকা কি হবে? এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার। মুক্তির আবেদন সরকারের সহানুভূতি পাবে কিনা- এ প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সরকারের সহমর্মিতা বা সহানুভূতির ঘাটতি নেই। কিন্তু সহানুভূতির কথা বলে তো আদালতকে প্রভাবিত করতে পারি না।
শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নারী গাড়িচালকদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দাবি করেছেন, পরাজয়ের ভয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে বিএনপি।
শুক্রবার বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে তাকে মুক্ত করতে 'বিশেষ আবেদন' করার কথা বলেন তার বোন সেলিমা ইসলাম।
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইভিএমে কারচুপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামে আওয়ামী লীগ জিতলেও বগুড়ার দুপচাঁচিয়ায় ইভিএমে ভোটে বিএনপি জিতেছে। যদি জালিয়াতি হতো তবে চট্টগ্রামে মাত্র ২৩ ভাগ ভোট পড়ত না। সরকারের খারাপ উদ্দেশ্য থাকলে ভোটার উপস্থিতি বেড়ে যেতো।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ দল আর আসেনি। দলটি আন্দোলনে যেমন ব্যর্থ, নির্বাচনেও তাই। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় দেখে ভোট থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। সে কারণেই ইভিএম নিয়ে অভিযোগ তোলা হচ্ছে।
'যত বেশি নারী চালক, তত কম দুর্ঘটনার ঝুঁকি' : প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারী গাড়িচালকেরা নিয়ম মেনে চলেন, ঠাণ্ডা মাথায় গাড়ি চালান। তারা নেশা করেন না, দায়িত্ব পালনের সময় মোবাইল ফোনে কথাও বলেন না। তাই যত বেশি নারীচালক নিয়োগ দেওয়া হবে, সড়ক দুর্ঘটনার ঝুঁকি ততটাই কমবে।
'উইমেন বিহাইন্ড দ্য হুইল ফর রোড সেফটি' শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সচিব কাজী রওশন আখতার। সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে এক মিটিনট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ড্রাইভিং স্কুলে পিছিয়ে পড়াদের প্রশিক্ষণ দেওয়া হয়। তিন মাসের আবাসিক প্রশিক্ষণে গাড়িচালনা, সাধারণ মেরামতি কাজ ও পেশাগত আচরণ শেখানো হয়।
