ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আরেকটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ: মান্না

আরেকটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ: মান্না
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ০৯:০৪ | আপডেট: ৩১ জুলাই ২০২২ | ০৯:০৪

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অবৈধ ক্ষমতাসীন সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনার জন্য দেশের অর্থনীতি আজ চরম সংকটে। লুটেরা সরকার আর তার দোসরদের অর্থ এবং ক্ষমতা লিপ্সার কারণে দেশ ৭৪ সালের মত আরেকটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ১ জন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

মান্না বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে। লোডশেডিংয়ে সারা দেশের মানুষ অতিষ্ঠ। জ্বালানি সংকটের কারণে কল-কারখানা এমনকি সার কারখানা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত শ্রেণীও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী মত তথা জনগণের কণ্ঠরোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে।

তিনি আরও বলেন, এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, দেশের অর্থনীতি নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়। দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে অবৈধ ক্ষমতাসীনদের হঠাতে হবে। এজন্য প্রয়োজন সকল বিরোধী শক্তির সর্বব্যাপক ঐক্য।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, জনগণ ফুঁসে উঠেছে, পতনের ঘণ্টা বেজে গেছে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। গুলির ভয় দেখিয়ে লাভ নেই। পালানোর পথ খুঁজেও কোনো লাভ হবে না। প্রতিটি গুলির হিসাব নেয়া হবে।

আরও পড়ুন

×