ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকা-১০ আসনে উপনির্বাচন

আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে পরাজিত হবেই: শেখ রবি

আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে পরাজিত হবেই: শেখ রবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০০:২০

আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে পরাজিত হবেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শেখ রবিউল আলম রবি। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবর এলাকায় প্রাত:ভ্রমণকারীদের সংঙ্গে গণসংযোগ এবং লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন। 

শেখ রবিউল আলম রবি বলেন,  রাজনীতি করে পার্লামেন্টে সংসদ সদস্য হতে হয় সেটা আওয়ামী লীগের মধ্যে নাই। বর্তমানে জাতীয় সংসদে ৬৯ শতাংশ অরাজনৈতিক ব্যক্তিরা সংসদ সদস্য। 

তিনি বলেন, জিয়াউর রহমানের দল বিএনপি গড়ে উঠেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে আদর্শে ও সততায়। এই দলের নেতাকর্মীদের যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা কোন ব্যাপার না। 

ধানের শীষের জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রবি বলেন, জয় নিয়ে আমি চিন্তিত নয়। আমি একটা বিষয়ে চিন্তিত আওয়ামী লীগ কিভাবে তাদের দেউলিয়াত্ব প্রকাশ করবে। তারা কি ক্ষমতা লোভী  রাজনীতি অব্যাহত  রাখবে; নৌকা বিজয়ী করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে। যদি করে তাহলে আমাদের প্রতিবাদ ও প্রতিরোধের দায়িত্ব বেড়ে যাবে। এমনও হতে পারে ঢাকা ১০ আসন থেকে শুভ সূচনা শুরু হতে পারে বিএনপির। 

এ সময় ধানমণ্ডি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×