মুজিববর্ষ যেন আত্মপ্রচারের মাধ্যম না হয়: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ০৭:৫২
'মুজিববর্ষের' অনুষ্ঠান করতে গিয়ে কেউ যেন আত্মপ্রচারে মগ্ন না হন, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'মুজিববর্ষে' পোস্টার, ব্যানার ও বিলবোর্ড করতে নেতাকর্মীদের কোনো বাধা নেই। তবে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড যেন আত্মপ্রচারের মাধ্যম না হয়। বঙ্গবন্ধুকে প্রদর্শন করতে গিয়ে আত্মপ্রদর্শন যেন না হয়। পোস্টারে নাম দিতে পারেন, নিজেদের ছবি দেবেন না। কারো ছবি যাতে বিলবোর্ড ও পোস্টারে না দেখি। এটা দল থেকে কঠোরভাবে মনিটর করা হবে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। 'মুজিববর্ষ' সফল করতে আয়োজিত এই যৌথসভায় দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মুজিববর্ষের অনুষ্ঠানের নাম করে কেউ যেন চাঁদাবাজির দোকান না খোলেন- সে বিষয়ে সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজি করে মুজিববর্ষের অনুষ্ঠান যেন কেউ না করেন। নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে মুজিববর্ষের প্রচার করতে হবে। অমুক দোকানদারকে এত দিতে হবে, অমুক ব্যবসায়ীকে অত দিতে হবে, অমুক বাড়িওয়ালাকে অত দিতে হবে- এসব বাড়াবাড়ি কোনো অবস্থায় সহ্য করা হবে না।
ক্ষমতা যে চিরস্থায়ী নয়- সে কথা স্মরণ করিয়ে দিয়ে নেতাকর্মীদের বিনয়ী হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, মুজিববর্ষে ক্ষমতার দাপট দেখাবেন না। আমরা ক্ষমতায় আছি, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। যতটা সম্ভব বিনয়ী থাকবেন। মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুরোধ করবো, যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা করে মুজিববর্ষের ভাবগাম্ভীর্য বজায় রাখবেন। বঙ্গবন্ধুর জীবন থেকে বিনয়, ধৈর্য্য আর ত্যাগের শিক্ষা নিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো অবস্থায় মুজিববর্ষ উদযাপনের নামে এলাকায় এমন কোনো আচরণ কারো সঙ্গে করবেন না, যাতে তারা কষ্ট পান। কোনো ধরনের হয়রানির শিকার যেন কেউ না হন। এটা খেয়াল রাখতে হবে, প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ।
- বিষয় :
- ওবায়দুল কাদের
- আওয়ামী লীগ
- মুজিববর্ষ
