সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী পালিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৮:৩৩ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৮:৩৩
দিনটি উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে পরিবার, আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ৬৮ বছর বয়সে তিনি মারা যান।
এদিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে দলের পক্ষ থেকে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সৈয়দ আশরাফের পরিবারের পক্ষ থেকে তাঁর বোন ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ছাড়া সৈয়দ আশরাফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও তাঁর কবরে ফুল দেন।শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, তার মৃত্যু ছিল অপ্রত্যাশিত। দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিশীলিত ইমেজের অধিকারী ছিলেন তিনি।
এছাড়া সৈয়দ আশরাফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সাহেদ ইমরান স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, সৈয়দ আশরাফের মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। তার মতো সৎ এবং আদর্শবান রাজনীতিবিদ পাওয়া বর্তমান সময়ে দুষ্কর। গণতন্ত্র, রাজনীতি এবং সমাজ উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
কিশোরগঞ্জে আলোচনা সভা, কম্বল বিতরণ: কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরালে গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাছাড়া দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। দরিদ্র মানুষের মাঝে পৃথক কর্মসূচিতে ১ হাজার কম্বল বিতরণ করা হয়।
- বিষয় :
- সৈয়দ আশরাফুল ইসলাম
- মৃত্যুবার্ষিকী
