আ'লীগকে পাল্টা কর্মসূচি না দেওয়ার আহ্বান বিএনপির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৭:০২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৭:০২
বিরোধী দলের কর্মসূচিতে বাধা না দিতে এবং একই দিনে একই সময় কোনো 'পাল্টা কর্মসূচি' না দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। গতকাল মঙ্গলবার রাতে ভার্চুয়ালি এ বৈঠক হয়। আজ বুধবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগ সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে ত্রাস সৃষ্টি করতে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির সময় পাল্টা কর্মসূচি ঘোষণা করছে। তাদের উস্কানিমূলক বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রকাশ্যেই বিরোধী দলের নেতাকর্মীর হাত-পা ভেঙে দেওয়া, হাত জ্বালিয়ে দেওয়ার হুমকি ও নির্দেশ দিচ্ছেন। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা, গুলিবর্ষণ, পরিবহন ধর্মঘট, হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে বিরোধী দলের কর্মসূচি পণ্ড করার হীন নীলনকশা তৈরি করা হচ্ছে। বিরোধী আন্দোলনে জনগণের ঢল দেখে ভীত হয়ে আওয়ামী লীগ সরকার হত্যা, হুমকি, মামলা ও নির্যাতনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করতে চায়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্যের কঠোর সমালোচনা করে স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়, রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব, দলের গঠনতন্ত্র ও কর্মসূচি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ারবহির্ভূত। তিনি শিষ্টাচার বিবর্জিত অপ্রয়োজনীয় মন্তব্য করেছেন।
ইফতেখারুজ্জামান সম্প্রতি এক সংবাদমাধ্যমে বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আবার সাজাপ্রাপ্তদের দিয়ে দল পরিচালনা করছে। এটা সাংঘর্ষিক ও নৈতিক অবক্ষয়ের পরিচয়।
স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক সব দল, ব্যক্তি ও সংগঠনের দায়িত্ব জনগণের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের আন্দোলনকে সমর্থন দিয়ে শক্তিশালী করা। তাই এই সময়ে নেতিবাচক মন্তব্য করা শুধু গণতন্ত্র বিরোধী গণশত্রুকে সাহায্য করা হবে; যা কখনই গ্রহণযোগ্য হবে না।
টেলিফোনে আড়ি পাতার বিষয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আইন প্রণয়নের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে বৈঠকে বলা হয়, সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীর মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগের ওপর নজরদারি করতে সংশ্নিষ্ট প্রযুক্তি ক্রয় ও আড়ি পাতার আইন প্রণয়ন করতে চলেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রসঙ্গে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে গত চার বছরে ১ হাজার ২০৯টি মামলা হয়েছে। এই চরম নিবর্তনমূলক আইনের মাধ্যমে ভিন্নমত পোষণকারী ব্যক্তি, সংবাদকর্মী, বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ওপর চরম আঘাত ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
- বিষয় :
- বিএনপি
- পাল্টা কর্মসূচি
- আওয়ামী লীগ
- কর্মসূচি
- বিরোধী দল
