ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঢাকা-১০ উপনির্বাচন

জনগণ ভোট দেওয়ার অপেক্ষায়: শেখ রবি

জনগণ ভোট দেওয়ার অপেক্ষায়: শেখ রবি
×

শেখ রবিউল আলম রবি -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ১১:১৭

ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, জনগণ ভোট দিতে চায়। তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি তাদের অধিকার আদায়ে সোচ্চার আছি। সজাগ আছি। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া ও এলাকার উন্নয়নে শঙ্কাহীনভাবে জাতীয় সংসদে ভূমিকা রাখতে চাই।

বৃহস্পতিবার ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে থেকে শুরু করে ১৫ নম্বর ওয়ার্ড এবং নিউমার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ চালায় বিএনপি। প্রচারের পাশাপাশি জনগণের মধ্যে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি নবীউল্লাহ নবী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগে অংশ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, করোনাভাইরাস এ দেশে আগেই এসেছে। কিন্তু সরকার তাদের একটি অনুষ্ঠান সফল করার জন্য এটি গোপন রেখেছিল। এ রোগটি বিশ্বে আজ মহামারি আকার ধারণ করেছে। অথচ সরকার প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি। করোনাভাইরাসের মতো তারাও গায়ের জোরে দেশ শাসন করছে।

নিজ দলের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে পরিচয় করিয়ে দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, রবি ধানের শীষের প্রার্থী। খালেদা জিয়ার মনোনীত প্রার্থী। ঢাকা-১০ আসনের জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। আপনারা তাকে ভোট দেবেন। ভোট দিয়ে এই সরকারকে বুঝিয়ে দেবেন, আপনারা তাদের সঙ্গে নেই।

রবি বলেন, ভোটারদের সঙ্গে কথা বলছি। জনগণ অগণতান্ত্রিক সরকারের পরিবর্তন চায়। রাষ্ট্র ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রহণযোগ্যতা নিয়ে জনগণের প্রশ্ন আছে।

আওয়ামী লীগের প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক অভিযোগ তুলে বিএনপি প্রার্থী বলেন, নির্বাচন কমিশনের দেওয়া কোনো বিধিই তিনি মানছেন না।

আরও পড়ুন

×