ভাত ও ভোটের জন্য মানুষ এখনও লড়ছে: চরমোনাই পীর
চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৪
চরমোনাইয়ের পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়ার দাবি করলেও এখনও মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এখনও মানুষ ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করছে। স্বাধীনতার ৫২ বছরেও মানুষ স্বাধীন নয়। ভাত ও ভোটের জন্য মানুষ এখনও লড়ছে।
শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে এসব কথা বলেছেন চরমোনাইয়ের পীর। তিনি বলেছেন, ‘মানুষ চিকিৎসাবঞ্চিত, কৃষক ন্যায্যমূল্য বঞ্চিত। মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ।’
সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের এবং সেক্রেটারি হিসাবে ডা. মুহাম্মদ শহিদুল ইসলামের নাম ঘোষণা করেন মুফতি রেজাউল করিম। সম্মেলনে ১৩ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়।
ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।
