বিডিজবসের ইন্টার্ন চাকরি মেলায় চাকরি প্রার্থীদের ঢল
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৪:৩২
দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবসের আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে চলছে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্ন চাকরি মেলা। আজ বুধবার সকাল ৯টায় শুরু হয়ে এ মেলা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রায় ১০ হাজার বিভিন্ন বিষয়ের ফ্রেশ গ্র্যাজুয়েট এই মেলায় অংশগ্রহণ করে চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের আগে থেকে অফার করা বিভিন্ন পেইড ইন্টার্ন পজিশনে আবেদন করেন। মেলার বিশেষ আকর্ষণ ছিল ‘টেস্ট ইউর ইন্টারভিউ কম্পিটেঞ্জি’ শিরোনামে দিনব্যাপী টেস্ট ইন্টারভিউ সেশন।
১০০টি শীর্ষ দেশী-বিদেশী কর্পোরেট প্রতিষ্ঠান ২,৫০০ পেইড ইন্টার্ন নিয়োগের উদ্দেশ্যে দিনব্যাপী এ মেলায় অংশগ্রহণ করে। সকাল থেকেই বিপুল সংখ্যক ফ্রেশ গ্র্যাজুয়েট বিভিন্ন কোম্পানির স্টলে ভিড় করতে থাকেন। বিশেষ করে ব্যাংক এশিয়া, মেঘনা গ্রুপ, আকিজ গ্রুপ, সিঙ্গার বাংলাদেশ, ওয়াল্টন, এ সি আই, হামিম গ্রুপ, ইন্টারটেক এবং ইউ এস বাংলার স্টলে সবচাইতে বেশি ভিড় দেখা যায়। মেলায় আবেদনের সমগ্র প্রক্রিয়াই ছিল ডিজিটাল। কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে বিভিন্ন ইন্টার্ন পদে আবেদন করতে হয়েছে। কোনো প্রিন্টেড সিভি জমা দেওয়ার সুযোগ ছিল না।
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে টেস্ট ইন্টারভিউ। সদ্য স্নাতক যারা চাকরি বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ছিল এই টেস্ট ইন্টারভিউ এর আয়োজন। ইন্টারভিউ ভীতি কম-বেশি আমাদের সবারই আছে। এই ভীতি দূর করার জন্য এবং নতুন গ্র্যাজুয়েটদের প্রপার গাইডলাইন দেওয়ার জন্য এই টেস্ট ইন্টারভিউ সেশনের আয়োজন। পাঁচ শতাধিক সদ্য স্নাতক টেস্ট ইন্টারভিউ এর সুযোগ পান। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র পেশাজীবীরা এই ইন্টারভিউ নিয়েছেন এবং অংশগ্রহণকারীদের নানা দিক নির্দেশনা প্রদান করেছেন।
সকালে এ মেলার উদ্বোধন করে বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, ‘আমাদের জব মার্কেটে এক্সপেরিয়েন্স বিহীন একজন ফ্রেশ গ্র্যাজুয়েট এর জন্য জীবনের প্রথম চাকরিটি পাওয়া বেশ কষ্টসাধ্য। এখন অনেক প্রতিষ্ঠান এ ধরনের গ্র্যাজুয়েটদের জন্য পেইড ইন্টার্নশিপ অফার করছে। শিক্ষার্থীরা বসে না থেকে এ ধরনের ইন্টার্ন হিসাবে কর্পোরেট জগতে প্রবেশ করলে কিছুদিন পর তার একটা এক্সপেরিয়েন্স হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কোম্পানি তাদেরকে রেগুলার এমপ্লয়ি করে নেয়। এ উদ্দেশ্যেই বিডিজবস প্রতি বছর ইন্টার্ন চাকরি মেলার আয়োজন করে থাকে ‘
ফাহিম মাশরুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকটি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
- বিষয় :
- চাকরি মেলা