মৃতপ্রায় সার্ককে উজ্জীবিত করার উদ্যোগ প্রশংসনীয়: কর্নেল অলি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:০৯
লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, মৃতপ্রায় সার্ককে উজ্জীবিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। উপমহাদেশের দেশগুলোকে এগিয়ে নিতে হলে ভারতকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি বলেন, নরেন্দ্র মোদির এই উদ্যোগ সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নের পথ সুগম করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত ও ত্বরান্বিত করতে হবে।
তিনি নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, আপনার উদ্যোগ সফল হোক এবং জনমানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক। উপমহাদেশের রাজনীতিতে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।
