ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিদ্যুতের দাম বৃদ্ধিতে বিক্ষোভ

সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত 

সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত 
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২২:১৫ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ২২:১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিদ্যুতে বর্ধিত দাম প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ চার দফা দাবিতে রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের এই সমাবেশ থেকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধি এর একটি।

সমাবেশ শেষে উত্তর গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পল্টন মোড়-বিজয়নগর ঘুরে কাকরাইল গিয়ে শেষ হয়। এতে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তাঁরা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেন এবং বিদ্যুতের দাম কমানোর দাবি জানান।

ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জানিয়েছিলেন দুই বছরের মধ্যে দাম বৃদ্ধি করা হবে না। কিন্তু তিন মাসের মধ্যে এই ঘোষণা থেকে সরে আসায় সরকারের সমালোচনা করেন জামায়াত সেক্রেটারি জেনারেল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার। নির্বাচনী বৈতরণী পার হতে জনগণকে এসব চমকপ্রদ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

গোলাম পরওয়ার বলেন, বিএনপি নিজের ৩১ দফায় সংবিধান সংস্কারের ওয়াদা দিলেও তা পূরণ করছে না। বরং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন, তাঁরা কেবলমাত্র নির্বাচনের জন্যেই সংস্কারের পক্ষে কথা বলেছেন। তার মানে তাঁরা সংস্কার চান না বলেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। কারণ সংস্কার হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না, ব্যাংক দখল-লুট করতে পারবেন না।

বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনমত উপেক্ষা করা হয়েছে অভিযোগ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, গণশুনানিতে অংশীজনেরা বিদ্যুতের দাম বৃদ্ধি না করার সুপারিশ করেছেন। কিন্তু সরকার তা মানেনি। যেমন এই সরকারের শুরুই হয়েছে গণরায় উপেক্ষার মাধ্যমে। এই জন্য জনগণ মনে করে এই সরকার গণবিরোধী সরকার।

দুর্নীতি বন্ধ করলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রয়োজন হবে না দাবি করে গোলাম পরওয়ার বলেন, মাত্র তিন মাসের সরকারের মন্ত্রীদের দেখলেই জনগণ কেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, এর কারণ বুঝতে না পারা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, সরকার তেলের দাম দুইবার বৃদ্ধি করেছে, গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এখন বাড়িয়েছে বিদ্যুতের দাম। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনগণের জানমালের নিরাপত্তা নেই।

জুলাই অভ্যুত্থানের পর বিক্ষোভের মুখে পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের সমালোচনা করে রফিকুল ইসলাম বলেছেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছে। যাঁদের পুনর্বাসন করা হচ্ছে, তাঁরাই সুযোগ বুঝে ছোবল মারতে পারেন।

সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, তেল ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে সরকার অতিরিক্ত টাকা কোথায় নেবে—তা জাতি জানতে চায়।

মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সঞ্চালনায় উত্তরের আমির সেলিম উদ্দিনসহ মহানগর নেতারা বক্তৃতা করেন সমাবেশে।

আরও পড়ুন

×