সংবিধানের বাইরে গিয়ে বিরোধী দলকে স্থান দেওয়ার সুযোগ নেই: সালমান এফ রহমান
সালমান এফ রহমান। ফাইল ছবি।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ | ১১:১৫ | আপডেট: ২৮ মার্চ ২০২৩ | ১১:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সুষ্ঠু করতে সরকার আন্তরিক। নির্বাচন কমিশন স্বাধীন। ইতোপূর্বে অনিয়মের কারণে একটি সংসদীয় আসনের উপনির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন আগামীতে কোনো নির্বাচনে অনিয়ম হলে তাও বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কমিশনের পক্ষ থেকে বিরোধীদেরকে আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে সংবিধানের বাইরে গিয়ে বিরোধী দলকে স্পেস (স্থান) দেওয়ার সুযোগ নেই।
আজ মঙ্গলবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর বিএফডিসি মিলনায়তনে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সালমান এফ রহমান বলেন, আমরা শুধু নির্বাচনে তাদের অংশগ্রহণের অনুরোধ করতে পারি। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ব্যবসায়ীদের ক্ষতি হলেও আপাতত এর বিকল্প নেই। সরকার এখনো জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। তবে ভোলায় গ্যাসপ্রাপ্তি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যেসব দেশের সঙ্গে আমাদের বাণিজ্য প্রতিযোগিতা রয়েছে সেসব দেশেও জ্বালানির দাম বেড়েছে।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীদের সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। সম্প্রতি হঠাৎ ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় সরকারের উদ্যোগে নিয়ন্ত্রণে আসছে।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল পেতে কেবল রাজনৈতিক মুক্তি পেলেই চলবে না। দরকার সুশাসন, মানবাধিকার, অসাম্প্রদায়িকতা, শোষণ ও বঞ্চনামুক্ত ন্যায় বিচার ভিত্তিক দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং সম্পদ পাচার প্রতিহত করা। রাজনীতিবিদসহ সকল শ্রেণিপেশার মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। কিন্তু বর্তমান বাস্তবতা হলো প্রধান দুই রাজনৈতিক দল কেউ কাউকে ছাড় দিতে চায় না। কেউ কারো মুখ দেখতে চায় না, আলোচনায় বসতে চায় না। তাই বাংলাদেশের অগ্রগতির জন্য সরকার ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিরোধী দল কেবল সরকারের বিরোধিতা না করে সরকারের ভালো কাজের প্রশংসা করা উচিত। আবার বিরোধী দলকে চাপে রাখার মানসিকতাও পরিহার করতে হবে। যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো মুক্তভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।
বিতর্ক প্রতিযোগিতায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজকে পরাজিত করে বেগম বদরুন্নেচ্ছা সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
