হিরো আলম হারেনি, হেরেছে গণতন্ত্র: আজম খান
প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ২১ জুলাই ২০২৩ | ১০:৪৮
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, সরকার হিরো আলমকে হারাতে পারেনি। হেরেছে গণতন্ত্র, হেরেছে দেশের জনগণ। আওয়ামী লীগের প্রার্থী কোন লজ্জায় সংসদে বসবেন?
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে লক্ষ্মীপুরে কৃষকদল নেতা শহীদ সজিব হোসেন হত্যাকারীদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, বিএনপির পদযাত্রায় সরকারের নির্দেশে হামলা করা হয়েছে। লক্ষ্মীপুরে কৃষকদলের নেতাকে হত্যা করা হয়েছে আবার বিএনপি'র ১৭ হাজার নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। কেন? এ স্বাধীন দেশে শকুনের মতো হামলা কেন?
তিনি বলেন, ১৭ জুলাই ঢাকা ১৭ আসনে উপনির্বাচন হয়েছে। এই নির্বাচন সম্পর্কে সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন বলেছেন, 'সেখানে ফলস ভোট হয়েছে।'
আযম খান বলেন, হিরো আলমকে হারাতে পারেনি সরকার। হেরেছে গণতন্ত্র, হেরেছে দেশের জনগণ। ফলস ভোট বাদ দিলে ওই নির্বাচনে ৬ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে হিরো আলম পেয়েছেন ৩ শতাংশ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে দুই থেকে আড়াই পার্সেন্ট ভোট। কোন লজ্জায় তিনি সংসদে বসবেন?
প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই ফ্যাসিবাদী সরকার বিশ্বব্যাপী আজ প্রত্যাখ্যাত, গলাবাজি দিয়ে সরকারের অবৈধ সত্তাকে সুরক্ষা দেওয়া যাবে না।
তিনি বলেন, কথা পরিষ্কার আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে, শেখ হাসিনার অধীনে নয়, এটিই বাংলাদেশের জনগণের ভাষা। এবার এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
সভাপতির বক্তব্য মোহাম্মদ সাইদুর রহমান বলেন, আওয়ামী সরকারের পদত্যাগের পক্ষে জনগণের রায় ঘোষিত হয়েছে এই এক দফার দাবির কর্মসূচিতে। পদযাত্রায় বাঁধভাঙ্গা স্রোতের মতো সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। এই পদযাত্রার বিশাল পরিসর দেখে আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের মাথা খারাপ হয়ে গেছে। মানসিক অসুস্থ রোগীর মতো সরকার দলীয় নেতাকর্মীরা আচরণ করছেন।
বাংলাদেশ ইয়ুধ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আর বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), কৃষকদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, কৃষকদলের যুগ্ম সম্পাদক সাহা আব্দুল আল বাকি, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার প্রমুখ।
