ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশবাসী আনন্দিত: নাসিম

মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশবাসী আনন্দিত: নাসিম
×

মোহাম্মদ নাসিম - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৪:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার হত্যাকারী আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতি স্বস্তি পেয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এই খুনির দণ্ড কার্যকরে দেশবাসী আনন্দিত। আমরাও স্বস্তি পেয়েছি, আমরাও আনন্দিত।'

রোববার এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিষয়ে মাজেদের দেওয়া সব তথ্য প্রকাশ করার দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এখন প্রয়োজন এই খুনির তথ্য অনুযায়ী কারা তাকে মদদ দিয়েছে, সেটা জানা। বিশেষ করে জিয়া-এরশাদ-খালেদা জিয়ার আমলে মাজেদ কীভাবে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গেল এবং কীভাবে সরকারি কর্মকর্তা হয়ে ক্যান্টনমেন্টের মত সুরক্ষিত জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পেরেছে- সেগুলোও জানা প্রয়োজন।

চার জাতীয় নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম বলেন, 'কীভাবে মাজেদ পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন পলাতক ছিল? কে তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে? এগুলোও দেশবাসীর জানা প্রয়োজন। এটি দেশবাসীকে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'

আরও পড়ুন

×