গণতন্ত্র মঞ্চের সমাবেশে নেতারা
জীবন দিয়ে হলেও একতরফা নির্বাচন প্রতিহত করা হবে
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:০৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:০৬
সরকার পতনে যুগপৎ কর্মসূচি হিসেবে রাজধানীতে সমাবেশ করেছে বিএনপির সমমনা গণতন্ত্র মঞ্চ। শনিবার কারওয়ান বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতারা বলেছেন, গত কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এই অবৈধ সরকার আরেকবার একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। জীবন দিয়ে হলেও এই নীলনকশার নির্বাচন প্রতিহত করা হবে।
সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বৃষ্টির পানিতে ঢাকা সয়লাব হয়ে গেছে। সব জায়গা ডুবে গেছে। বিদ্যুৎস্পর্শে চারজন মারা গেছে। এই হলো সরকারের উন্নয়ন। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। তারা দাম কমাতে পারে না। এই সরকারের অঙ্গীকারের কোনো দাম নেই, কেউ বিশ্বাস করে না। সারা দুনিয়ার মানুষ এই সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করে না। এ কারণে ইউরোপীয় ইউনিয়ন তাদের পাতানো নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার লুটপাটের সিন্ডিকেট তৈরি করে বাজারে আগুন ধরিয়ে দিয়েছে। লুটপাটের মাফিয়া সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করার জন্য আরও একবার নীলনকশার নির্বাচন করার পাঁয়তারা করছে তারা।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, অবৈধ সরকার ভয় দেখিয়ে ক্ষমতায় রয়েছে। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে তিনি আরও বলেন, ছেলের সম্পত্তি নিয়েই এখন তাঁর ভয়। ক্যাঙারু বিচারব্যবস্থা বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়ার সহসভাপতি তানিয়া রব প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি তামাশা করছেন। দেশের মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে উন্নয়নের কথা বলে বেড়াচ্ছেন। এই ঋণ কে শোধ করবে? আপনার পরিবার শোধ করবে?
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় গণমিছিল-পূর্ব এই সংক্ষিপ্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কারওয়ান বাজার থেকে হাতিরপুল হয়ে কাঁটাবন মোড়ে গিয়ে শেষ হয়।
- বিষয় :
- সরকার পতন
- যুগপৎ কর্মসূচি
- একতরফা নির্বাচন
