এবি পার্টির সদস্য সচিব মঞ্জু করোনায় আক্রান্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৯:৩৯ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৯:৫০
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর মঞ্জু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্কারের দাবি তুলে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার হওয়া এ নেতা নিজেই তার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন। মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সাড়া না পেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে দল থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। পরদিন বহিষ্কার হন মজিবুর রহমান মঞ্জু। গত ২৭ এপ্রিল তিনি ও জামায়াত ছেড়ে আসা নেতারা এবি পার্টি গঠন করেন। করোনা সঙ্কটে দলটির ত্রাণ কার্যক্রম চলছে।
মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, এ কারণেই জনসংস্পর্শে এসেছিলেন। গত ১০/১২ দিন ধরে জ্বর, সর্দিতে ভুগছিলেন। মঙ্গলবার করোনা পরীক্ষার পজেটিভ আসে। চিকিৎসকরা হাসপাতালে থাকার পরামর্শ দিলেও বাসায় আইসোলেশনে রয়েছেন। এখনো হালকা জ্বর ও শরীর ব্যথা রয়েছে। সুস্থতায় সবার দোয়া চেয়েছেন তিনি।