নির্দেশ মানলে করোনা সংক্রমণ কম হতো: হানিফ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৭:৪৭ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৯:০২
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সরকার ও চিকিৎসকদের নির্দেশ মেনে চললে সংক্রমণ আরও কম হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই ভাইরাস থেকে কীভাবে মানুষ মুক্তি পাবে। উন্নত বিশ্বের মতো আমরাও বড় একটি দুর্যোগের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেকগুলো পদক্ষেপ শুরু থেকে নিয়েছে। দিনদিন সংক্রমণ বাড়ছে। তবে সরকার ও চিকিৎসকদের নির্দেশ মেনে চললে এতো সংক্রমণ হতো না।
মঙ্গলবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত কোভিড-১৯ বিষয়ক ভার্চুয়াল স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, করোনার দুর্যোগ মেকাবিলা করতে শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্ত মনিটরিং করেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন যাতে দুর্যোগকে মোকাবিলা করতে পারি। মানুষ যাতে খাদ্য চিকিৎসায় কষ্ট না পায় সেজন্য সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
হানিফ বলেন, এর পাশপাশি জীবন ও জীবিকার কথা মাথায় রেখে অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। আজকে গার্মেন্ট কারখানাগুলো চালু হওয়ার পর অনেকেই চিন্তা করেছেন এতে হয়তো সংক্রমণ আরো বাড়বে। কিন্তু আমরা মনে করি, অনেক প্রজ্ঞা ও দুরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের অর্থনীতির একটি মূল স্তম্ভ হচ্ছে পোশাক শিল্প। এই শিল্পখাতটি বিশেষ করে আমাদের যারা প্রতিযোগী ভিয়েতনাম, মায়ানমারম, শ্রীলঙ্কা এসব দেশ যখন তারা তাদের প্রতিষ্ঠান খুলে দিয়েছে, তখন আমরা কারখানা বন্ধ রাখলে আমাদের বাজারটা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। এখনই কাজ শুরু না করলে ক্ষতি হয়ে যাবে। এই কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হলে সংক্রমণ হওয়ার সুযোগ নেই। এটি কঠিন কাজ নয়। করোনাভাইরাস থেকে যেন সচেতন হই। শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। তিনি দায়িত্ব নেওয়ার পর সব সেক্টর এগিয়ে গেছে। তিনি এই দুর্যোগ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল হবেন।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানটি আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে থেকে ইন্টারনেটে সম্প্রচার করা হয়।
এ সময় সারাদেশেই প্রশিক্ষণ কর্মশালা করা হবে জানিয়ে আবদুস সবুর বলেন, অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালা দেশের প্রত্যেক জেলা উপজেলা পর্যায় পর্যন্ত হবে। প্রথমে বিভাগ এবং পরে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এটা শুরু হবে।
- বিষয় :
- মাহবুবউল আলম হানিফ
- করোনাভাইরাস
- আওয়ামী লীগ