ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি আমলের নৃশংসতা এখনও ভোলেনি মানুষ: নাসিম

বিএনপি আমলের নৃশংসতা এখনও ভোলেনি মানুষ: নাসিম
×

বুধবার সিরাজগঞ্জে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ নাসিম- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৯:৪৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০৯:৫৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি আমলের নৃশংসতা ও দানবীয় কর্মকাণ্ডের কথা এখনও মানুষ ভোলেনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলা ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনার কথা মনে হলে এখনও গা শিউরে ওঠে। তারা ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের মামলার কোনো বিচার তো করেই নি, বরং হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, পুরষ্কৃত করেছে। তাদের মুখে বর্তমান সরকারকে দানব বলা শোভা পায় না। বর্তমান সরকারকে দানব সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তার প্রতিক্রিয়ায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

বুধবার বিকেলে ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় স্থাপিত জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পরে তিনি মুলিবাড়িতে নির্মাণাধীন শেখ হাসিনা ট্রমা হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুর রউফ পান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ-আল-ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সন্ধ্যায় জেলা শহরের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন

×