১১ বছরে পাচার হয়েছে ৮ লাখ কোটি টাকা: জোনায়েদ সাকি
ছাত্র ফেডারেশনের অনুষ্ঠানে জোনায়েদ সাকি - সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৯:৪৪
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান সরকার গত ১১ বছরে দেশ থেকে ৮ লাখ কোটি টাকা পাচার করেছে। প্রতি বছর ৭০ থেকে ৭৫ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের মানুষ ভালো নেই, সরকারও ভালো নেই, তাই একটু শুদ্ধি অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র ফেডারেশন আয়োজিত 'দুর্নীতি ও ধর্ষণ'বিরোধী বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোটের আগের রাতে যারা ব্যালট বাক্স ভরার মতো অন্যায় করেছে তাদের মুখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানায় না। এ রকম অন্যায় কোনো দেশে আজ পর্যন্ত হয়নি। আর এসব কাজে অংশ নিয়েছে প্রশাসন। তাদের দিয়ে দুর্নীতিবিরোধী অভিযানও শোভা পায় না।
জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, বরিশাল জেলা সদস্য শাকিবুল ইসলাম শাফিন, রাইদুল ইসলাম সাকিব প্রমুখ। অনিয়ম ও দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন।