ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিচার প্রতিষ্ঠায় দেশের মালিকানা জনগণকে দিতে হবে: খসরু

বিচার প্রতিষ্ঠায় দেশের মালিকানা জনগণকে দিতে হবে: খসরু
×

আমীর খসরু মাহমুদ চৌধুরী– ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৯:৫৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ১০:৪৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'যে দেশে আইনের শাসন নেই, সেখানে খালেদা জিয়ার জামিনের কোনো নিশ্চয়তা নেই। ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। এ জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।'

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'প্রতিহিংসার রাজনীতি ও দেশনেত্রী খালেদা জিয়া' শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১।

জাতীয় নির্বাচনের বিষয়টি অনুসন্ধান করতে হবে জানিয়ে আমীর খসরু বলেন, 'নির্বাচন যে আসলে হয়নি, সেটিও সবার কাছে পরিষ্কার। রাশেদ খান মেননও সাক্ষী দিয়েছেন। কিন্তু মেনন সাহেবের সাক্ষী আমাদের দরকার নেই। বাংলাদেশের ১৬ কোটি মানুষ এর সাক্ষী। বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো সাক্ষী।'

দেশের জনগণকে নিয়ে এখন মশকরা চলছে উল্লেখ করে তিনি বলেন, এখন পেঁয়াজের দাম আপেলের চেয়েও বেশি। মন্ত্রিপরিষদ থেকে সব জায়গাতেই এখন 'পেঁয়াজ খাবেন না' বলে মশকরা করা হচ্ছে। আসলে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই।

প্রজন্ম ৭১-এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সদস্য আবু নাসের মো. রহমত উল্যাহ, নিপুন রায় চৌধুরী, সাবিরা সুলতানা, কৃষক দলের ভিপি মো. ইব্রাহিম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, প্রজন্ম ৭১-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া প্রমুখ।

আরও পড়ুন

×