দেশ অনেক এগোলেও মানুষ পিছিয়েছে: মেনন
জাসদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ১০:৫০ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ১০:৫৩
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। দেশের মানুষগুলো অনেক পিছিয়ে। দেশের মধ্যে বৈষম্য বিরাজ করছে। এই বৈষম্য কোনোভাবেই কাটছে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাসদের আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। রাশেদ খান মেনন বলেন, টেবিলে বসে ঐক্য হবে না। ঐক্য করতে গেলে মাঠে নামতে হবে। ঐক্যবদ্ধভাবেই সহিংসতা, যৌন হয়রানি, মানসিক নির্যাতন, নারী নির্যাতন ও সাম্প্রদায়িক বিরোধ মোকাবিলা করতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, বাংলাদেশ জাসদ ১৪ দলে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা সম্মান করেন। তবে ১৪ দলের রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করা উচিত। শুধু সরকারের চাটুকারিতা করা কোনো রাজনৈতিক জোটের কাজ হতে পারে না। তিনি বলেন, দেশে উন্নয়ন হলেও সমাজে প্রাণ সঞ্চার হচ্ছে না। মুক্তমনে ভোট প্রয়োগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন, বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। মুক্তিযুদ্ধের অর্জন অনেকটাই বেহাত হয়ে গেছে।
সভায় আরও বক্তব্য দেন দৈনিক সমকালের উপসম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, নাসিরুল হক নওয়াব, আনোয়ারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, ঢাকা মহানগর নেতা আবদুস সালাম খোকন. আসাদুজ্জামান জাকির, আলমগীর হোসেন, অলি আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সভাপতি শাজাহান আলী সাজু প্রমুখ।