বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে: সেলিম
মুজাহিদুল ইসলাম সেলিম— ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৯:২৪ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯ | ০৯:৪০
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিকে দিয়ে দেশের মানুষের সংকট নিরসন হওয়া সম্ভব নয়। এ কারণে এই দু'দলের রাজনৈতিক মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ছাত্র-যুবকদের এগিয়ে আসতে হবে।
শুক্রবার বগুড়ায় সিপিবির রাজশাহী বিভাগীয় যুব কাউন্সিল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় শহরের সাতমাথায় ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক রাগীব আহসান মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ।
পেঁয়াজ নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। গত জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রধানমন্ত্রী বুঝেছেন যে, ভোট ছাড়া নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করা যায়, তাহলে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যাবে। নির্বাচনের অভিজ্ঞতা থেকেই হয়তো প্রধানমন্ত্রী পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার কথা বলেছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিরাজগঞ্জ জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন, রাজশাহী জেলা সভাপতি এনামুল হক, নওগাঁ জেলা কমিটির সভাপতি মহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বগুড়া জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, জয়পুরহাট জেলা সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, নাটোর জেলা সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, বগুড়া জেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক দুলাল কুণ্ডু, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান ফিজু প্রমুখ উপস্থিত ছিলেন।
দু'দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন অধিবেশনে আলোচনা করবেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আল কাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন, মো. কিবরিয়া প্রমুখ।
- বিষয় :
- মুজাহিদুল ইসলাম সেলিম
- সিপিবি সভাপতি