দেশে বেকার ৫ কোটির বেশি: জিএম কাদের
জিএম কাদের -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ১২:৩৭
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের দাবি করেছেন, দেশে বেকার যুবকের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে। প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে প্রায় ১৭ লাখ। কিন্তু কাজের ক্ষেত্র বাড়ছে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এ কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। জাতীয় যুব সংহতির আয়োজনে সমাবেশের পর র্যালি অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, দেশের বেকারত্ব দূর করতে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অনেক কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন। জাপা তার আদর্শ সামনে রেখে যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করে যাবে।
যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, এসএম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি প্রমুখ। সমাবেশের পর তারা র্যালিতে অংশ নেন।
- বিষয় :
- জাতীয় পার্টি
- জিএম কাদের