করোনা সংকটে দৃঢ় মনোবল নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে: কাদের
ওবায়দুল কাদের- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০২:১৬
আসন্ন ঈদে করোনা সংক্রমণ বিস্তার রোধে সবাইকে ‘সচেতনতার জনযোদ্ধা’ হিসেবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই সংকটে জাতির প্রয়োজনে দৃঢ় মনোবল নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা সরকার দেশের মানুষের পাশে রয়েছে।
বুধবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, করোনার নমুনা পরীক্ষা, সনদ ও প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে ঘিরে এক শ্রেণির অসাধুচক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং মানুষ ঠকাচ্ছে। এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়। সরকার এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, কিছু মানুষ করোনার সংক্রমণ লুকিয়ে তথ্য গোপন করে চলাফেরা করছেন। আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমানবন্দরে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছেন। বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখার এমন প্রবণতায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। লাখ লাখ প্রবাসীদের অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দেওয়া হচ্ছে।
করোনার লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তথ্য গোপনের সঙ্গে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য এবং ভবিষ্যতও অনিশ্চয়তায় আবর্তিত হবে।
আক্রান্তদের চিকিৎসায় সম্মুখসারিতে থেকে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন- তাদের আবারও অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা ত্যাগ, মনোবল এবং সংকটে সহমর্মিতার যে নজির স্থাপন করেছেন জাতি তা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে। ইতোমধ্যে অনেক চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, নার্স, টেকনলজিস্ট, মাঠ প্রশাসনের কর্মকর্তা ও সেনাসদস্য করোনায় প্রাণ হারিয়েছেন। তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।
- বিষয় :
- করোনা সঙ্কট
- ওবায়দুল কাদের
- সেতুমন্ত্রী
- দৃঢ় মনোবল