ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হাত-পা বেঁধে ও চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন

হাত-পা বেঁধে ও চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন
×

আটক নাজমুল শেখ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৮:০৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৮:০৩

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে ঘরে আটকে হাত-পা বেঁধে, মাথার চুল কেটে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের সময় তাদের দুই শিশু সন্তানও ওই ঘরে ছিল। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে গৃহবধূ ও দুই শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

গতকাল সোমবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক নাজমুল শেখ (২৮) ওই গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। নির্যাতনের শিকার সোনিয়া আক্তার মুন্সীগঞ্জ জেলার চরমুসুরিয়া গ্রামের লোকমান সরকারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশা করে বাড়ি ফিরে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নাজমুল ঘরে তালা লাগিয়ে স্ত্রীকে আটকে রাখেন। পরে তার হাত-পা বেঁধে মাথার চুল কেটে দেন। তাদের দুই শিশু সন্তানের সামনেই রাতভর নির্যাতন চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। মঙ্গলবার সকালে গৃহবধূ সোনিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে নির্যাতনের বিষয়টি বুঝতে পারেন। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে গৃহবধূ ও দুই শিশুকে উদ্ধার করে। আহত সোনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় নাজমুলকে আটক করে থানায় নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া বলেন, তার স্বামী নেশা করে প্রায়ই তাকে মারধর করতেন। সোমবার রাতে সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটির পর দুই সন্তানের সামনে তার হাত-পা বেঁধে চুল কেটে ফেলা হয়। এরপর মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করা হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

আটক নাজমুল পুলিশের কাছে দাবি করেন, স্ত্রী পালিয়ে যেতে পারেন—এ আশঙ্কা থেকেই তিনি হাত-পা বেঁধে ও চুল কেটে রেখেছিলেন।

গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর বলেন, ‘নাজমুল মাদকাসক্ত। তিনি প্রায়ই নেশা করে এসে স্ত্রীকে মারধর করতেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, নাজমুল বখাটে স্বভাবের। সংসারের আর্থিক সংকট মেটাতে শ্বশুরবাড়ি থেকে নিয়মিত টাকা আনতেন। এমনকি শ্বশুরবাড়ির অর্থেই গ্রামে ঘর নির্মাণ করেছেন বলেও তাঁদের দাবি।

মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব বলেন, অভিযুক্ত নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে। ভুক্তভোগী মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×