ব্যবসায়ীর কান কামড়ে রক্তাক্ত করলেন বিএনপি নেতা, এলাকা ছাড়ার হুমকির অভিযোগ
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ব্যবসায়ী সাখাওয়াত হোসেন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৭:৪১ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৭:৪২
নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর ও কান কামড়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে। এ সময় তাকে দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
গতকাল সোমবার বিকেলে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন জানান, সাখাওয়াত হোসেনের কানে গুরুতর ক্ষত হয়েছে। সেখানে চারটি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে ‘টিকে গ্রুপের’ নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন বসিয়েছিলেন। সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন মোটরসাইকেলে এসে তাকে তুলে নিয়ে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যায়।
তার অভিযোগ, সেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিন চিশতিয়াসহ ছয়-সাতজন তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে মহিউদ্দিন ও তার সহযোগীরা ব্যবসায়ীর কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া। তিনি বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।