ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাচারিতা করলে ধ্বংস হয়ে যাবেন: মির্জা ফখরুল

স্বেচ্ছাচারিতা করলে ধ্বংস হয়ে যাবেন: মির্জা ফখরুল
×

মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৭:৩৩ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৭:০৫

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়মবহির্ভূত কাজ কারও জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। অনিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রকে বেশিদিন পরিচালনা করা যায় না। নিয়মের বাইরে যারা চলবে, তারা নিশ্চয়ই একদিন হারিয়ে যাবে। রাষ্ট্র, সমাজ, রাজনীতি সবকিছু চলমান রাখার স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে যারা স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারী হবে, তারা বেশিদূর এগোতে পারবে না। কর্মই তাদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

শনিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটির নেতারা দলের মহাসচিবের উত্তরায় বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় নেতারা।

বিএনপি মহাসচিব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য তাদের প্রতি আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, প্রথম যুগ্ম সম্পাদক আবদুস সবুর খান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বুধবার অ্যাডভোকেট আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×