ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পাপন বাইরে কোথাও খেলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাপন বাইরে কোথাও খেলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ১০:১৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৭:১২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি দেশের বাইরের কোনও জায়গার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ক্যাসিনো প্রসঙ্গে প্রশ্ন তুলে ভিডিওতে পাপনকে এই খেলার টেবিলে দেখা যাওয়ার দাবি নিয়ে সাংবাদিকেদের প্রশ্নে একথা জানান মন্ত্রী।

রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি বলেন, তিনি (পাপন) কিন্তু বাংলাদেশে নয়, ভিডিওটি আমরা দেখেছি, বাইরের কোনো জায়গায় খেলেছেন।

মন্ত্রী বলেন, কে খেলল কে কী করল, এই রকম করলে তো আমাদের লাখ লাখ লোকের পেছনে দৌঁড়াতে হবে। এই রকম যদি সবাইকে ধরতে যাই, কয়েক লাখ লোক হবে।

ফেসবুকের গুজব নিয়ে তিনি আরও বলেন, ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে যারা অপপ্রচার করছে তাদের সবাই শনাক্ত করা হয়েছে। হয়তো দুই দিন সময় বেশি লাগছে কিন্তু শনাক্ত করা হচ্ছে। শিগগির তাদের বিচারের মুখোমুখি করা হবে।

মন্ত্রী বলেন, যারা ফেইসবুক ব্যবহার করেন। তারা একটু সাবধানতা অবলম্বন করে সত্যিকারের ঘটনাগুলো প্রকাশ করা উচিৎ।

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে ক্যাসিনোর টেবিলের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে ক্যাসিনো খেলার ভঙ্গিতে থাকা এক ব্যক্তিকে নাজমুল হাসান পাপন বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন

×