ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডাকসু নির্বাচনে নানা অসঙ্গতির অভিযোগ তিন ভিপি প্রার্থীর 

ডাকসু নির্বাচনে নানা অসঙ্গতির অভিযোগ তিন ভিপি প্রার্থীর 
×

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা। ছবি-সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একাধিক ‘অসঙ্গতি’ থাকা সত্ত্বেও প্রশাসন তা নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমাসহ একাধিক প্রার্থী।

মঙ্গলবার তারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, গত ৭ সেপ্টেম্বর গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু নির্বাচনের ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হলেও প্রশাসন সন্তোষজনক উত্তর দিতে পারেনি।

এছাড়া নির্বাচনে যে ভোট টার্নআউট দেখানো হয়েছে, তা বাস্তবে মাঠপর্যায়ে দেখা যায়নি বলে দাবি করেন তারা। এ জন্য ভোটারদের স্বাক্ষর তালিকা প্রকাশের দাবি জানান প্রার্থীরা।

উমামা ফাতেমা বলেন, ভোটারের তালিকা আগেও প্রকাশিত হয়েছে, যেখানে স্বাক্ষর রয়েছে। কে কাকে ভোট দিয়েছেন, তা উল্লেখ নেই। সুতরাং এখানে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশাসন তালিকা প্রকাশে অনীহা দেখাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বিশেষ করে সার্জেন্ট জহুরুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঘোষিত ভোট টার্নআউট বাস্তবের সঙ্গে মেলে না।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, গাউসুল আজম মার্কেটে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া গেলেও প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। ভোট কাস্টিং তালিকা প্রকাশেও তারা গড়িমসি করছে, যা আমাদের সন্দেহ বাড়িয়ে দিচ্ছে।

আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এসব কনসার্ন জানিয়েছি। কিন্তু প্রশাসনের উদাসীনতা উদ্বেগ বাড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, স্বতন্ত্র প্যানেলের জিএস প্রার্থী আরাফাত চৌধুরী এবং ছাত্রদলের এজিএস প্রার্থী শেখ তানভীর আল হাদী মায়েদ প্রমুখ।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
 

আরও পড়ুন

×